পুজোর মুখে স্বস্তির খবর! কমছে বৃষ্টির দাপট, আগামীকাল কেমন থাকবে বাংলার আবহাওয়া?

জানারুল খান, কলকাতাঃ পুজোর প্রস্তুতি যখন প্রায় শেষের পথে, তখন স্বস্তির খবর বাংলার আবহাওয়া নিয়ে। ধীরে ধীরে কেটে যাচ্ছে মেঘলা পরিবেশ, আর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কাও নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে তার মানে একেবারে বৃষ্টিমুক্ত থাকবে না বাংলা। আগামীকালও কিছু এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই জায়গাতেই আবহাওয়ার পরিস্থিতিতে কিছুটা ওঠানামা দেখা যেতে পারে।

- Advertisement -

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া নিয়ে আপাতত স্বস্তির খবরই রয়েছে। আগামীকাল বুধবার বেশিরভাগ জেলাতেই সকাল থেকে পরিষ্কার আকাশ ও রোদের দেখা মিলতে পারে। আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে এর মধ্যেও কোথাও কোথাও আকাশ সাময়িকভাবে মেঘলা হতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও গরম ও ভ্যাপসা আবহাওয়ার কারণে অস্বস্তি হতে পারে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

কলকাতার ক্ষেত্রেও আগামীকাল বুধবার আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়কই থাকতে পারে। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে এবং ঝলমলে রোদ দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে পারে, ফলে গরম অনুভূত হতে পারে। তবে বিকেলের দিকে স্থানীয়ভাবে কিছু এলাকায় মেঘ জমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দু-এক জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

- Advertisement -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বা টানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টি হলেও পরিস্থিতি খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা নেই। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News