মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যজুড়ে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অনেকেই এখনও অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। তাঁদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘আয়ুষ্মান সারথি’ নামে একটি হোয়াটসঅ্যাপ-ভিত্তিক চ্যাটবট। এই পরিষেবার মাধ্যমে দিনে ২৪ ঘণ্টা যেকোনও সময় বাড়িতে বসেই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন, যোগ্যতা যাচাই, ই-কেওয়াইসি, কার্ড ডাউনলোড এবং প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জানানো হবে, কীভাবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবট ব্যবহার করে সহজেই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করবেন।
কীভাবে তৈরি করবেন আয়ুষ্মান ভারত কার্ড?
প্রথমেই জেনে রাখা ভালো, কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান সারথি’ হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে শুধু নতুন আয়ুষ্মান ভারত কার্ড তৈরি নয়, কার্ড ডাউনলোড, e-KYC সম্পূর্ণ করা, আবেদন সংক্রান্ত তথ্য জানা-সহ একাধিক পরিষেবা পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ থেকে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে হলে প্রথমে 72908 23838 নম্বরটি আপনার ফোনে ‘Ayushman Sarathi’ নামে সেভ করুন। এরপর হোয়াটসঅ্যাপ খুলে ওই নম্বরে Hi লিখে পাঠিয়ে দিন। কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটবট বিভিন্ন পরিষেবার অপশন দেখাবে। সেখান থেকে ‘Create Ayushman Card’ বা ‘Ayushman Card’ অপশনে ট্যাপ করলেই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করতে পারবেন।
পরবর্তী ধাপে নির্দিষ্ট বক্সে নিজের মোবাইল নম্বর, আধার নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিন। এরপর ফোনে আসা ওটিপি বসিয়ে ভেরিফাই করে নিন। বলে রাখি, আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তবে স্ক্রিনেই দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাকে e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেটা হয়ে গেলেই ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করলেই তৈরি হয়ে যাবে আয়ুষ্মান ভারত কার্ড। কার্ড তৈরি হয়ে গেলে, ওই চ্যাটবট থেকেই সেটি ডাউনলোড করে নিতে পারবেন আপনি।
