WhatsApp-এ আসছে নতুন Scam Alert, সন্দেহজনক মেসেজ এলেই সতর্ক করবে ইউজারকে

-

Sanju Das , কলকাতাঃ Meta সংস্থা ইউজারদের অনলাইন স্ক্যাম থেকে সুরক্ষিত রাখতে WhatsApp-এ নতুন ‘Scam Alert’ ফিচার আনল। ইউজারের নিরাপত্তার কথা মাথায় রেখে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে নিয়মিতই নতুন নতুন সুরক্ষা ফিচার যোগ করা হচ্ছে। এবারও প্রতারণার ঝুঁকি কমাতে এই বিশেষ ফিচার নিয়ে হাজির হয়েছে সংস্থা। তবে আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড WhatsApp ইউজারের জন্য ফিচারটি চালু করা হয়েছে।

WhatsApp Scam Alert ফিচার কী

‘Scam Alert’ ফিচারের সাহায্যে অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক মেসেজ সহজেই চিহ্নিত করতে পারবেন WhatsApp ইউজাররা। কোনও মেসেজ স্ক্যাম বা প্রতারণামূলক বলে মনে হলে চ্যাটের মধ্যেই সতর্কবার্তা বা ওয়ার্নিং দেখানো হবে। এরপর প্রয়োজন মনে হলে ইউজার সরাসরি ওই নম্বরটি ব্লক করার পাশাপাশি রিপোর্টও করতে পারবেন। তবে WhatsApp-এ এই ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে না। কেউ চাইলে সেটিংস থেকে ম্যানুয়ালি ‘Scam Alert’ অপশনটি অন করতে পারবেন। এর জন্য WhatsApp Settings-এ গিয়ে Account অপশনে ঢুকলেই এই সুবিধাটি খুঁজে পাওয়া যাবে।

- Advertisement -

স্ক্যাম মেসেজ আসার পর যে ওয়ার্নিংটি দেখানো হবে, সেটি শুধুমাত্র রিসিভারই দেখতে পাবেন। অর্থাৎ, অন্য প্রান্তে থাকা প্রতারক বুঝতেই পারবেন না যে তাঁর পাঠানো মেসেজ নিয়ে রিসিভারকে সতর্ক করা হয়েছে। তবে কোনও ইউজারের মনে হলে যে মেসেজটি আসলে সন্দেহজনক নয়, তাহলে তিনি সেই ওয়ার্নিং মুছে দিতে পারবেন। এরপর ওই নির্দিষ্ট সেন্ডারের কাছ থেকে আসা মেসেজকে আর স্ক্যাম অ্যালার্ট হিসেবে দেখানো হবে না।

বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের মধ্যে এই ‘Scam Alert’ ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। টেস্টিং পর্ব সফল হলে ধাপে ধাপে অন্যান্য WhatsApp ইউজারদের জন্যও এই সুবিধা চালু করা হতে পারে। নতুন এই ফিচারটি ইউজারদের নিরাপত্তায় অতিরিক্ত সুরক্ষা স্তর হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক মেসেজ চিহ্নিত করার ক্ষেত্রে এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে।

Breaking News