জানারুল খান, কলকাতাঃ আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর উৎসব। এরই মধ্যে বর্ষার বিদায়ের সঙ্গে সঙ্গে বাংলার আকাশে দেখা দিয়েছে চড়া রোদ (Weather Update)। যদিও এখনও কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির দেখা মিলছে। দিনের বেলা গরম অনুভূত হলেও রাতের দিকে বেশ খানিকটা কমছে তাপমাত্রা (Winter Update)। ফলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পুজো মিটতেই কি বাংলায় জাঁকিয়ে পড়বে শীত? নাকি শীতের আমেজ পেতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে? আর এবারের শীতকালই বা কতদিন স্থায়ী হতে পারে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
ভোরের দিকে শীতল আমেজ
দীর্ঘদিন ধরে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং একের পর এক নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছিলেন রাজ্যবাসী। তবে বর্তমানে অনেকটাই বদলেছে বাংলার আবহাওয়া। দিনের বেলা রোদের দাপট থাকলেও ভোররাত ও রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করেছে, অনুভূত হচ্ছে হালকা শীতল আমেজ। ফলে আগের মতো সবসময় এসি চালানোরও প্রয়োজন হচ্ছে না। IMD-এর তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে দিল্লি, মুম্বই, কলকাতা-সহ দেশের বেশ কিছু এলাকায় ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রাও নেমেছে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অনেকেরই ধারণা, এই আবহাওয়ার পরিবর্তনের পিছনে রয়েছে সুপার এল নিনোর প্রভাব। তবে আবহাওয়াবিদদের মতে, এর কারণ অন্য কিছু।
শীত নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
বিশেষজ্ঞদের মতে, রাতের দিকে হালকা শীতল অনুভূতির অন্যতম কারণ হল সাম্প্রতিক বৃষ্টিপাত এবং তার পর আবহাওয়ার পরিবর্তন। অন্যদিকে, এল নিনো হল প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার সঙ্গে যুক্ত একটি বড় জলবায়ুগত ঘটনা। তাই দিল্লিতে সেপ্টেম্বরের তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে এল নিনোর সরাসরি যোগ রয়েছে, এমনটা মনে করছেন না আবহাওয়াবিদরা। একইসঙ্গে শীতের আগমন নিয়েও বিজ্ঞানীদের বক্তব্য, এখনই সময়ের আগেই জাঁকিয়ে শীত পড়ার কোনও নিশ্চিত পূর্বাভাস নেই। বরং আকাশ পরিষ্কার হয়ে মেঘের পরিমাণ কমলে এবং আবহাওয়া শুষ্ক থাকলে আগামী দিনে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।
বঙ্গে কবে পড়বে শীত?
আবহাওয়াবিদ ড. সুজীব করের মতে, নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে উত্তর-পূর্ব ভারত থেকে শক্তিশালী শীতল বায়ু বাংলায় প্রবেশ করতে পারে। সেই প্রভাবেই ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে বঙ্গে শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই শীত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। কয়েকদিন ঠান্ডা পড়ার পর ফের তাপমাত্রা বাড়তে পারে। তাঁর পূর্বাভাস অনুযায়ী, এবারে হয়তো মাত্র ১৫ থেকে ২০ দিনের মতো জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা যাবে, এরপর দ্রুতই তাপমাত্রা বাড়তে শুরু করে গরমের পরিস্থিতি ফিরে আসতে পারে।
