জানারুল খান, কলকাতাঃ দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলায় বর্ষার দাপট এখনও কাটেনি। পুজোর সময়ও কি বৃষ্টির ভোগান্তি চলবে, নাকি তার আগেই বিদায় নেবে বর্ষা—এখন সেটাই রাজ্যবাসীর বড় প্রশ্ন। দেশের বেশ কিছু অংশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে বলে জানিয়েছে আইএমডি। কিন্তু বাংলা এখনও সেই তালিকায় নেই। ফলে পুজোর আগে কবে রাজ্য থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে এবং কবে থেকে আবহাওয়ায় মিলবে স্বস্তি, সেদিকেই এখন নজর সকলের।
মহালয়ার আগেই বাংলা থেকে বর্ষা বিদায় নেবে?
শিয়রে দুর্গাপুজো, তার আগে মহালয়া। ফলে পুজোর দিনগুলিতে বৃষ্টি কতটা ভোগাতে পারে, তা নিয়ে এখন থেকেই কৌতূহল রাজ্যবাসীর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে মহালয়ার আগেই রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। সেক্ষেত্রে পুজোর সময়ে টানা ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমতে পারে। তবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: গ্যাস ফুরিয়েছে, পকেট ফাঁকা? EMI-তে নিন LPG, কীভাবে পাবেন সুবিধা
বাংলা থেকে কবে বিদায় নেবে বর্ষা
এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (IMD Kolkata)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। মহালয়ার দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই উত্তর ভারতের বাকি অংশ, গোটা গুজরাট ও মধ্যপ্রদেশের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ রবিবার কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর আগে এই জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। এদিকে একটি আঞ্চলিক আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
