সাদিকুল খান, কলকাতাঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান ও গানকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) প্রচারে দ্রুতই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। দলের সোশ্যাল মিডিয়া প্রচারেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ২০২১ সালে তৃণমূল ফের সরকার গঠনের পর দলের অন্দরেও তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক থেকে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া থেকে তাঁকে প্রার্থী করা হয়। তবে ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল ক্ষমতা হারানোর পর রাজনৈতিক ময়দানে দেবাংশুর সক্রিয়তা অনেকটাই কমে যায়।
লোকচক্ষুর অন্তরালে কোথায় রয়েছেন দেবাংশু?
দল বদলের পর থেকেই প্রকাশ্যে দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতি আগের তুলনায় অনেকটাই কমেছে। টেলিভিশনের রাজনৈতিক বিতর্কে তাঁকে আর নিয়মিত দেখা যাচ্ছে না, একইভাবে সোশ্যাল মিডিয়াতেও তাঁর সক্রিয়তা বেশ কম। এমনকি হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সভাতেও তাঁর উপস্থিতি চোখে পড়েনি। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা ও মিম ছড়িয়ে পড়ে। তবে জানা যাচ্ছে, আপাতত নিজের ইচ্ছাতেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কিছুটা দূরে রয়েছেন দেবাংশু।
বর্তমানে পরিবারকে সময় দেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন দেবাংশু। বাবা-মায়ের পাশে থাকা, তাঁদের দেখাশোনা করা এবং ব্যক্তিগত জীবনের নানা দায়িত্ব সামলাতেই ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি দিদির বিয়ের আয়োজন নিয়েও রয়েছে ব্যস্ততা। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকার কারণে পরিবার ও নিজের জন্য সেভাবে সময় দিতে পারেননি। তাই আপাতত সেই সময়টাই পরিবারকে দিতে চাইছেন তিনি। এই কারণেই সোশ্যাল মিডিয়াতেও আগের মতো সক্রিয় থাকছেন না দেবাংশু।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলা আলোচনা নিয়েও আপাতত খুব একটা মাথা ঘামাচ্ছেন না দেবাংশু। পালাবদলের পর গত ১৩ জুন দলের বিরুদ্ধে সরব হয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। কয়েকদিন পর ঋতব্রত ব্যানার্জিদের পৃথক রাজনৈতিক শিবির নিয়েও কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। তবে এরপর থেকে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আর তেমন কোনও রাজনৈতিক পোস্ট নজরে আসেনি। কেন তিনি নিজেকে আপাতত রাজনীতি থেকে দূরে রাখছেন, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি দেবাংশু। ফলে আগামী দিনে তাঁর রাজনৈতিক ভূমিকা কী হবে, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।
