শরীর সুস্থ রাখতে প্রতিদিন ফল খাওয়া খুবই জরুরি, কারণ ফলের মধ্যেই থাকে শরীরের প্রয়োজনীয় নানা ভিটামিন, মিনারেল ও পুষ্টিগুণ। সেই তালিকায় কলা এবং আপেল দুটোই অত্যন্ত জনপ্রিয় ও উপকারী ফল। কলা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে এবং এতে থাকা পটাশিয়াম শরীরকে চাঙ্গা রাখে। অন্যদিকে আপেলে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও কম ক্যালোরি, যা হজম ভালো রাখা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তবে ইমিউনিটি শক্তিশালী রাখতে কোন ফল বেশি উপকারী—এই প্রশ্নের নির্দিষ্ট একক উত্তর নেই।
কোন ফলে বেশি পুষ্টিগুণ?
আপেলের পুষ্টিগুণ
চিকিৎসকদের মতে, প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস শরীরের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে। আপেলে থাকা ভিটামিন, খনিজ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আপেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এছাড়া যাদের অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও নিয়মিত আপেল খাওয়া উপকারী হতে পারে বলে মত পুষ্টিবিদদের।
পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, একটি মাঝারি আকারের আপেলে প্রায় ৯৪ ক্যালোরি, ২৫.১ গ্রাম কার্বোহাইড্রেট, ১৮.৯ গ্রাম প্রাকৃতিক চিনি, ০.৪৭৩ গ্রাম প্রোটিন, ৪.৬ মিলিগ্রাম ভিটামিন সি এবং ১০৭ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই পুষ্টিগুণগুলো শরীরের শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে, তাই দৈনন্দিন খাদ্যতালিকায় আপেল রাখা স্বাস্থ্যকর একটি অভ্যাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
কলার পুষ্টিগুণ
আপেলের পাশাপাশি কলাও শরীরের জন্য সমানভাবে উপকারী একটি ফল। কলায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে, যা হজমশক্তি উন্নত করতে এবং শরীরকে দীর্ঘক্ষণ শক্তি জোগাতে সাহায্য করে। বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন বা দ্রুত এনার্জি দরকার হয়, তাদের জন্য কলা খুবই কার্যকর একটি প্রাকৃতিক খাবার। এছাড়া কলা খেলে হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শরীরের পটাশিয়াম ভারসাম্য বজায় রাখে, যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, ১০০ গ্রাম পাকা কলায় প্রায় ৮৯ ক্যালোরি, ০.৩৩ গ্রাম মোট ফ্যাট, ০ মিলিগ্রাম কোলেস্টেরল, ১ মিলিগ্রাম সোডিয়াম, ২২.৮০ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৬০ গ্রাম ডায়েটারি ফাইবার, ১.০৯ গ্রাম প্রোটিন এবং ৩৫৮ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই উপাদানগুলো শরীরকে শুধু শক্তিই দেয় না, বরং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে বলা যায় যারা ক্যালোরি কমাতে চায় তাদের জন্য আপেল বেশ ভালো, আর যাদের দ্রুত শক্তির প্রয়োজন তাদের জন্য কলা ভালো, আসলে কলা পটাসিয়াম এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ, যা বিপাক এবং পেশীর কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু যদি কেউ শারীরিকভাবে সক্রিয় ডায়েট বজায় রাখেন এবং চিনি, কার্বোহাইড্রেট, ময়দা এবং তেল গ্রহণ কমিয়ে দেন, তাহলে কলা এবং আপেল উভয়ই জরুরি শরীর সুস্থ রাখার জন্য।
