কালীপুজোর আগের রাতে কেন জ্বালানো হয় ১৪ প্রদীপ? জানুন আসল কারণ

জানারুল খান, কলকাতাঃ কালীপুজোর আগের সন্ধ্যায় ১৪টি প্রদীপ জ্বালানোর প্রচলিত রীতি রয়েছে। তবে আর্থিক কারণে বা নানা পরিস্থিতিতে অনেকেই প্রদীপ জ্বালাতে পারেন না। সেক্ষেত্রে প্রদীপের পরিবর্তে মোমবাতি জ্বালিয়েও এই রীতি পালন করা যায়। কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত। কার্তিক অমাবস্যায় কালীপুজো অনুষ্ঠিত হয়, আর তার আগের তিথি চতুর্দশী। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিকে নরক চতুর্দশীও বলা হয়। প্রচলিত ধারণা, এই দিন নরকের দ্বার খুলে যায় এবং ভূত-প্রেতেরা মর্ত্যে বেরিয়ে আসে। পাশাপাশি লোকবিশ্বাস রয়েছে, এই তিথিতে অমর দৈত্যরাজ বলি পাতাললোক থেকে তাঁর সঙ্গী-সাথীদের নিয়ে মর্ত্যে আসেন। আর সেই সঙ্গীদের মধ্যে ভূত-প্রেতের উল্লেখ রয়েছে। এই বিশ্বাসকে কেন্দ্র করেই ভূত চতুর্দশীর সন্ধ্যায় ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি আজও প্রচলিত রয়েছে।

- Advertisement -

লোকবিশ্বাস অনুযায়ী, ভূত চতুর্দশীর রাতে ভূত-প্রেতেরা মর্ত্যলোকে ঘোরাফেরা করে। এই বিশ্বাস থেকেই প্রাচীনকালে সন্ধ্যার পর এই তিথিতে বাড়ির বাইরে বেরোনো নিষেধ ছিল। পদ্মপুরাণ অনুসারে, ভূত চতুর্দশীতে গঙ্গাস্নান করলে নরকের যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। এই তিথি যম চতুর্দশী নামেও পরিচিত। শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এদিন যমরাজ, ধর্মরাজ, কাল, মৃত্যু, অন্তক, সর্বভূতক্ষয়, বৈবস্বত, বৃকোদর, দধ্ন, পরমেষ্ঠী, চিত্র, চিত্রগুপ্ত, নীন ও উড়ুম্বর—এই ১৪ যমের উদ্দেশ্যে তর্পণ করার প্রচলন রয়েছে। বিশ্বাস করা হয়, এই নিয়ম পালনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় এবং যমরাজের আশীর্বাদ লাভ করা যায়।

কালীপুজোর আগের রাতে কেন জ্বালানো হয় ১৪ প্রদীপ

লোকবিশ্বাস অনুযায়ী, আলো দেখলে অশুভ শক্তি বা ভূত-প্রেত ভয় পায়। তাই তাদের বাড়ি থেকে দূরে রাখতেই ভূত চতুর্দশীর সন্ধ্যায় ১৪টি প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত হয়েছে। আবার প্রচলিত মত অনুযায়ী, কৃষ্ণা চতুর্দশীতে ১৪ যমকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের উদ্দেশ্যে ১৪টি প্রদীপ জ্বালানো হয়। বিশ্বাস করা হয়, এর ফলে যমরাজ সন্তুষ্ট হন এবং অকালমৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও লোকাচার অনুযায়ী, এই বিশেষ তিথিতে বাড়ির ১৪ পুরুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়, যাতে তাঁরা অন্ধকারে পথ হারিয়ে না ফেলেন। মূলত পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পরিবারের মঙ্গল কামনার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই ১৪ প্রদীপ জ্বালানোর প্রাচীন রীতি।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News