কুসুম দাস, কলকাতাঃ অনেক সময় গভীর ঘুমের মধ্যে মানুষের মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায় (Drooling While Sleeping)। শিশুদের ক্ষেত্রে সাধারণত ২ বছর বয়স পর্যন্ত এমনটা হওয়া স্বাভাবিক। তবে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও ঘুমের সময় মুখ দিয়ে লালা পড়তে পারে। কিন্তু ঘুমের মধ্যে এমনটা কেন হয়, এর পিছনে কী কী কারণ রয়েছে, তা অনেকেরই অজানা। চলুন, আজকের প্রতিবেদনে এই বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাতে ঘুমোলেই মুখ দিয়ে লালা ঝরে কেন
কেন লালা ঝরে?
চিকিৎসকদের মতে, ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরা সব সময় অস্বাভাবিক কিছু নয়। আসলে ঘুমের সময় শরীর বিশ্রাম নেওয়ার পাশাপাশি মুখ ও গলার পেশিগুলিও শিথিল হয়ে পড়ে। ফলে অনেকের ঘুমের মধ্যে মুখ কিছুটা খোলা থাকে। সেই সময় মুখে জমে থাকা লালা বাইরে বেরিয়ে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাইনাসের সমস্যা, সর্দি-কাশি বা নাক বন্ধ থাকার কারণে শ্বাস নিতে অসুবিধা হলেও ঘুমের মধ্যে মুখ খুলে থাকতে পারে। আর এই কারণেও মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায়। তাই ঘুমের মধ্যে লালা পড়লেই যে তা কোনও বড় রোগের লক্ষণ, এমনটা ভাবার কারণ নেই।
ডাক্তার দেখানো উচিত
অনেকেই ঘুমের মধ্যে মুখ দিয়ে শ্বাস নেন। ফলে সারা রাত মুখ খোলা থাকায় মুখের লালা বাইরে বেরিয়ে আসতে পারে। এছাড়া ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি, ভাইরাল বা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং নাক বন্ধ থাকার কারণেও ঘুমের মধ্যে লালা ঝরতে পারে। তবে অতিরিক্ত নাক ডাকা, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া কিংবা সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তি অনুভব করার মতো লক্ষণ থাকলে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা রয়েছে কি না, তা পরীক্ষা করানো জরুরি। কারণ, স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রেও ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে।
গলা ব্যথা, মনোনিউক্লিওসিস, সাইনাসের সংক্রমণ, টনসিলাইটিস কিংবা পেরিটনসিলার অ্যাবসেসের মতো সমস্যার কারণেও মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরতে পারে। এছাড়া অ্যালার্জি ও অ্যাসিডিটির সমস্যাও এর পিছনে দায়ী হতে পারে। ঘুমের মধ্যে লালা ঝরার সমস্যা কমাতে বাজারে ম্যান্ডিবুলার ডিভাইস নামে এক ধরনের বিশেষ যন্ত্র পাওয়া যায়। এটি চোয়ালের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমাতে ব্যবহৃত হয়। তবে এই ধরনের ডিভাইস নিজে থেকে ব্যবহার করা উচিত নয়। ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
