তামান্না খান, কলকাতাঃ সেপ্টেম্বর মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ₹৩,০০০ করে পাঠানোর কথা জানানো হয়েছিল। তবে টাকা পাঠানো শুরু হলেও এখনও অনেক মহিলা তাঁদের অ্যাকাউন্টে টাকা পাননি বলে অভিযোগ করছেন। এমনকি জুলাই ও আগস্ট মাসেও অনেকে কোনও টাকা পাননি বলে দাবি করেছেন। আবার এমন অনেক উপভোক্তাও রয়েছেন, যাঁরা জুলাই পর্যন্ত টাকা পেলেও আগস্ট বা সেপ্টেম্বরের কিস্তি এখনও পাননি। টাকা না পাওয়ার বিষয়টি নিয়ে এবার জলপাইগুড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন একদল মহিলা। তাঁদের দাবি, অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা দ্রুত তাঁদের অ্যাকাউন্টে পাঠাতে হবে।
বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের
পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর প্রায় চার মাস কেটে গিয়েছে। সেপ্টেম্বরে চতুর্থ কিস্তির টাকা সিংহভাগ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছেছে বলে জানা গেলেও, এখনও অনেক মহিলা টাকা পাননি বলে অভিযোগ করছেন। বিশেষ করে যাঁদের আবেদন এখনও ‘আন্ডার প্রসেস’ বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাঁদের অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকী আবেদন অনুমোদিত হওয়ার পরেও টাকা না পাওয়ার অভিযোগ রয়েছে কিছু উপভোক্তার। কয়েকজন মহিলার দাবি, বিডিও অফিসে তাঁদের আবেদন ইচ্ছাকৃতভাবে যাচাই করা হয়নি, যার ফলে তাঁরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি, অযোগ্য হওয়া সত্ত্বেও কিছু মানুষ কীভাবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ প্রসঙ্গে আন্দোলনকারী কল্পনা সরকারের বক্তব্য, “আমি অন্নপূর্ণার অ্যাপ্লাই করেছি জুন মাসে। জুলাই মাসে টাকা পেয়েছি। আগস্ট আর সেপ্টেম্বর, দুই মাসের এক মাসও টাকা পায়নি আমি। আমার টোটাল টাকাটাই আমি চাই। সরকারের কাছে আমার এটাই আবেদন। আজকে আমরা এখানে এসেছি আবেদন করতে। আমি আগের মাসে এসেছি। বলেছে এই মাসে টাকা দেবে। আমি ব্যাংক থেকে ঘুরে আসলাম। কই আমার অ্যাকাউন্টে তো টাকা ঢোকেনি। ওরা বলল, আবার তুমি বিডিও অফিসে যাও। এর জন্য আমি আবার বিডিও অফিসে আসলাম।”
প্রসঙ্গত, শুধু জলপাইগুড়ি নয়, গত আগস্ট মাসেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিডিও অফিস ও পুরসভা অফিসের সামনে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের বিক্ষোভ করতে দেখা গিয়েছিল। তাঁদের অভিযোগ ছিল, তাঁরা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও পোর্টালে আবেদন সংক্রান্ত তথ্য দেখতে গিয়ে অনেকেরই ‘রিজেক্টেড’ দেখাচ্ছে, অথচ আবেদনের কারণ হিসেবে নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হচ্ছে না। এই সমস্যা সমাধানে রাজ্য সরকারের তরফে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। ব্লক ও পুরসভা স্তরে আবেদন যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, সেপ্টেম্বর মাসে আরও প্রায় ১০ লক্ষ নতুন উপভোক্তা অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তবে নতুন করে উপভোক্তা বাড়লেও এখনও অনেক যোগ্য মহিলা টাকা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠছে।
