পেটের খরচ চালাতে বিক্রি করতেন ফুচকা, আজ ভারতীয় দলের তারকা ক্রিকেটার

-

জানারুল খান, কলকাতাঃ “জীবন বড় মধুর”—কথাটা হয়তো গল্প-কাহিনিতেই বেশি মানায়। বাস্তবে সাফল্য পেতে যাঁদের কঠিন লড়াই করতে হয়েছে, তাঁরাই জানেন জীবন কতটা কঠিন(Success Story)। দীর্ঘ অধ্যবসায়, নিজের কিছু করে দেখানোর ইচ্ছে আর নিরলস পরিশ্রমের মাধ্যমেই লক্ষ্যে পৌঁছনো যায়। চরম দারিদ্র্য ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে সাফল্য পেয়েছেন এমন মানুষের উদাহরণ আমাদের দেশে কম নেই। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য যশস্বী জয়সওয়ালও। একসময় বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাঁকে তাড়িয়ে বেড়াত। সেই স্বপ্ন পূরণের পাশাপাশি জীবন চালানোর জন্য রাস্তায় রাস্তায় ফুচকা বিক্রি করতে হয়েছিল তাঁকে। তবে কঠিন পরিস্থিতিও তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি।

যশস্বী জয়সওয়ালের ছোটবেলার জীবন কেমন ছিল?

তখন বয়স মাত্র ১১ বছর। চোখে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের তাগিদেই উত্তরপ্রদেশের ভাদোহি থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। মুম্বইয়ে এক আত্মীয়ের বাড়িতে থাকার সুযোগ হয়েছিল ঠিকই, কিন্তু সেই আশ্রয় বেশিদিন স্থায়ী হয়নি। প্রথম দিকে আত্মীয়ের বাড়িতে থাকলেও পরে আজাদ ময়দানের একটি তাঁবুতেই কোনওরকমে থাকার ব্যবস্থা করতে হয়েছিল তাঁকে। মাথা গোঁজার জায়গা তো হল, কিন্তু প্রতিদিনের খাবার জোগাড় হবে কীভাবে—সেটাই তখন তাঁর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল।

- Advertisement -

পেটের খরচ চালাতে ফুচকা বিক্রি করতেন যশস্বী

অল্প বয়সেই ক্রিকেটের অনুশীলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের খাবার ও অন্যান্য খরচ মেটাতে মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যশস্বী। জানা যায়, রামলীলার সময় রাস্তায় ফুচকা বিক্রি করার পাশাপাশি মাঝেমধ্যে ফলও বিক্রি করতেন তিনি। সেই কাজ থেকে যা আয় হতো, তার একটা অংশ পরিবারের কাছেও পাঠাতেন। এমন দিনও গিয়েছে, যখন সারাদিন খাবারের জোগাড় করতে না পেরে খালি পেটেই ঘুমিয়ে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও ক্রিকেটার হওয়ার স্বপ্ন থেকে একবারও সরে আসেননি যশস্বী।

যশস্বীর জীবনে আসে সাফল্যের মোড়

পরিস্থিতি বদলাতে পথে নেমে পড়া যশস্বীর ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে ঘরোয়া ক্রিকেট দিয়ে। প্রথমবারের মতো এই আসরেই নজর কেড়েছিলেন তিনি। 2019 সালে মাত্র 17 বছর বয়সে দিলীপ ট্রফিতে সুযোগ পেতেই ডবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের এই তরুণ। এরপর সেখান থেকে সোজা অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে নিজের জাত চেনানোয় সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসে। আর সেই দলের হয়ে ব্যাট হাতে কামাল দেখাতেই আসে বহু প্রতীক্ষিত মুহূর্ত।

- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি (Success Story)

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। আর প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে সবার নজর কেড়ে নেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। যশস্বীর জীবন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, পরিস্থিতি যতই কঠিন হোক, স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চললে সাফল্য একদিন আসবেই। একসময় যে ছেলেটিকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রাস্তায় ফুচকা বিক্রি করতে হয়েছিল, আজ সেই যশস্বীই দেশের জার্সিতে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন। তাঁর এই পথচলা তাই শুধু ক্রিকেটের গল্প নয়, বরং হার না মানার এক অনুপ্রেরণার গল্প।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News