তামান্না খান, কলকাতাঃ গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নভেম্বরের শেষেই ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই আশা করা হচ্ছিল, ডিসেম্বর মাস থেকে প্রকল্পে আবেদন শুরু হতে পারে এবং রাজ্যের বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এবার আর শুধু ঘোষণা নয়, হুগলির জনসভা থেকে যুবশক্তি প্রকল্প চালুর নির্দিষ্ট দিনক্ষণও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, তার খতিয়ানও জনসভায় তুলে ধরেন তিনি।
এইদিন থেকেই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প
নির্বাচনের আগেই বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, যুবসাথী প্রকল্পের পরিবর্তে আরও বেশি আর্থিক সহায়তা দিতে চালু করার কথা বলা হয় যুবশক্তি প্রকল্পের। নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘যুবশক্তি ভরসা স্কিম’। প্রকল্পের ঘোষণা অনুযায়ী, কর্মহীন গ্র্যাজুয়েট যুবক-যুবতীরা মাসে ৩,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বাজেট পেশের সময়ই এই প্রকল্পের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী। সেই সময় অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হলেও প্রশাসনিক কিছু জটিলতার কারণে প্রকল্পের কাজ পিছিয়ে যায়।
এদিন হুগলিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার শুভ উদ্বোধন করতে গিয়ে জনসভায় দাঁড়িয়ে যুবশক্তি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার যুবক ভাইরা, গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, আপনাদের স্কিমের নাম দিচ্ছি আমরা ভরসা। আগামী ২৩ তারিখ ক্যাবিনেটে এই ভরসা স্কিমের ব্যাপারে আমরা অনুমোদন দেব, এবং আপনারা জানুয়ারি মাস থেকে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েটরা ভরসা স্কিমে আমার যারা বেকার যুবক-যুবতীরা আছেন, অন্য কোনও স্কিমের সুযোগ পাচ্ছেন না, তাদের পাশে ওই সরকার দাঁড়াবে। তারা যতক্ষণ না পর্যন্ত চাকরি পায়, তাদের পাশে এই সরকার থাকবে।
জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আইসিডিএস কেন্দ্রে খাবারের বরাদ্দ ৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। প্রসূতি মায়েদের খাবারের বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিকের মিড-ডে মিলের বরাদ্দ ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগে সরকারি হাসপাতালে রোগীদের তিনবেলার খাবারের জন্য বরাদ্দ ছিল ৫৬ টাকা ৪০ পয়সা। ২০১৭ সালের পর দীর্ঘদিন এই বরাদ্দ বাড়ানো হয়নি। বর্তমান সরকার তা বাড়িয়ে ১১০ টাকা করেছে বলেও জানান তিনি। পাশাপাশি আরামবাগ মেডিকেল কলেজ-সহ রাজ্যের ১৩টি মেডিকেল কলেজে আরও আধুনিক চিকিৎসা পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কাজের জন্য অনুমোদনও মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী।
