South Bengal Weather: আসন্ন দুর্গাপুজো নিয়ে সবার কত রকম পরিকল্পনা! নতুন জামাকাপড় কেনা থেকে শুরু করে কোথায় কার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া—সবই ঠিকঠাক গুছিয়ে ফেলেছেন অনেকেই। কিন্তু সেই মেজাজে জল ঢালতে হাজির হয়েছে বৃষ্টি। মহালয়ার আগেই তৈরি হয়েছে নিম্নচাপ, আর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর প্রায় প্রতিটা দিনই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় কখনও ভারী, কখনও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন—পুজোর আনন্দে ছাতা কিন্তু এবার নিত্যসঙ্গী হতে চলেছে!
জানা গেছে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। তাই যারা বাইরে বেরোবেন, তারা ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখতে ভোলবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক, আজ সারাদিন আবহাওয়া কেমন থাকতে পারে।
South Bengal Weather:
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার একটু চোখ রাখা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার আর আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ছাতা-রেইনকোটের পাশাপাশি বাড়তি সতর্ক থাকাও জরুরি।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে রবিবার অর্থাৎ ছুটির দিনের আবহাওয়া? জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, নদীয়া, হুগলী, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। অপরদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।









