JKNews24 Disk: বহু প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) মামলায় বড়সড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ ঘোষণা করেছে। এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বস্তি ফিরলেও, ভোটের আগে রাজ্য সরকারের উপর যে আর্থিক ও রাজনৈতিক চাপ বাড়ল, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
বড় রায় সুপ্রিম কোর্টের (Dearness Allowance))
আসলে গত কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের আগে ডিএ ঘোষণা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা স্বাভাবিক প্রত্যাশা তৈরি হতো। কিন্তু এবছর সেই বাজেট পর্বেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন কর্মীরা, একাধিক আদালত ঘুরে শেষ পর্যন্ত মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। ফলে প্রায় এক দশক ধরে চলা এই বিতর্কে এবার কর্মীদের কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য ভাবে, ২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়, শুনানির দিন থেকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতে হবে। আদালত তখন জানায়, ডিএ পাওয়া সরকারি কর্মীদের মৌলিক অধিকার কি না, সেই বিষয়টি তারা অবশ্যই বিবেচনা করবে। তবে সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় কর্মীদের অনির্দিষ্টকালের জন্য বসিয়ে রাখা যায় না—এই যুক্তিতেই এমন নির্দেশ দেওয়া হয় বলে জানায় আদালত।
২৫% ডিএ দিলে বেতনে কতটা প্রভাব পড়বে?
এখন অনেক রাজ্য সরকারি কর্মীর মনেই প্রশ্ন—সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটে, তাহলে বেতনে তার প্রভাব ঠিক কতটা পড়বে? বিষয়টা সহজ করে বললে, মাসিক বকেয়া ডিএ হিসাব করতে হলে প্রতিটি মাসের বেসিক পে-র সঙ্গে সংশ্লিষ্ট ডিএ হারের পার্থক্যের শতাংশ গুণ করতে হয়। এই ভাবে এপ্রিল ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া যোগ করলেই মোট পাওনা ডিএ-র অঙ্ক সামনে আসে। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও কর্মীর ২০০৮ সালে বেসিক বেতন ছিল ১০,০০০ টাকা—তাহলে হিসাব অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত তাঁর মোট বকেয়া ডিএ দাঁড়ায় প্রায় ৫,৮২,৫৫৩ টাকা। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট আপাতত মোট বকেয়ার ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছে, তাই এই কর্মী এখন হাতে পাবেন আনুমানিক ১,৪৫,৬৩৮ টাকা।