JKNews24 Disk: রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় বলিউডে। সেই আবহেই প্রথমে মেসেজের মাধ্যমে হুমকি পান রণবীর সিংহ। আর এবার ই-মেলের মাধ্যমে হুমকিবার্তা পৌঁছেছে সলমন খানের পরিবারের এক সদস্যের কাছে। সূত্রের দাবি, ওই ই-মেলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে এবং প্রেরণকারীর সঙ্গে বিশ্নোই গ্যাংয়ের যোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে চলচ্চিত্র মহলে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সলমন খানের এক ঘনিষ্ঠ পরিজনের কাছেই এই তোলাবাজির হুমকি দিয়ে ই-মেল পাঠানো হয়। আরও চাঞ্চল্যকর তথ্য হল, যাঁর কাছে এই হুমকিবার্তা পৌঁছেছে, তিনিও নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেতা। ই-মেলে তাঁর কাছে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে পুলিশের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি সলমনের ওই ঘনিষ্ঠ ব্যক্তি। যদিও গোটা ঘটনাটির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। যিনি হুমকি পেয়েছেন, নিরাপত্তার কারণে তাঁর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি।
অন্যদিকে, মঙ্গলবার হুমকিবার্তা পেয়েছেন রণবীর সিংহও। সংবাদমাধ্যমের দাবি, হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে তাঁর কাছে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। অভিনেতার তরফে অভিযোগ দায়ের করা হলে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি ভোরে পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে চার রাউন্ড গুলি চলার ঘটনাও চাঞ্চল্য তৈরি করেছিল। পাশাপাশি, বিশ্নোই গ্যাংয়ের তরফে সলমন খানও অতীতে একাধিকবার হুমকি পেয়েছেন বলে জানা গিয়েছে। পরপর এই ঘটনাগুলিতে বলিউড মহলে উদ্বেগ আরও বেড়েছে।








