JKNews24 Disk: ভারতেও শিশুদের সমাজমাধ্যম ব্যবহার নিয়ে কড়া বিধিনিষেধ আসতে পারে (Restriction On Social Media)। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী Ashwini Vaishnaw। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় বয়সভিত্তিক নিয়ম চালু করা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে সরকারের। আলোচনা যে দিকে এগোবে, সেই অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করা হবে। শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব রুখতেই প্রয়োজনীয় আইন ও বিধিনিষেধ আনার কথা স্পষ্টভাবে জানিয়েছেন মন্ত্রী।
ভারতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ হবে?
সম্প্রতি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী Ashwini Vaishnaw স্পষ্ট জানিয়েছেন, Netflix, Meta Platforms, YouTube কিংবা X—সব সোশ্যাল মিডিয়া সংস্থাকেই ভারত সরকারের নির্দিষ্ট আইন কাঠামো ও সংবিধান মেনে চলতে হবে। বয়সভিত্তিক বিধিনিষেধের প্রসঙ্গ তুলতে গিয়েই তিনি ডিপফেক সমস্যার কথাও উল্লেখ করেন। তাঁর কথায়, ডিপফেক মোকাবিলায় বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই কার্যকর সমাধান সামনে আসবে। মন্ত্রীর মতে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে স্পষ্ট নিয়ম যেমন জরুরি, তেমনই ডিপফেকের মতো বাড়তে থাকা সমস্যাকে কঠোরভাবে দমন করাও অত্যন্ত প্রয়োজন। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতেও জোর আলোচনা চলছে বলে জানা গেছে।
মন্ত্রী Ashwini Vaishnaw দাবি করেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের নানা ঝুঁকি রয়েছে, তাই এই ক্ষেত্রে নতুন ও কড়া বিধিনিষেধ আনা জরুরি। তাঁর বক্তব্যের পর অনেকেই মনে করছেন, ভারতে হয়তো Australia বা France-এর মতো শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বড়সড় নিয়ন্ত্রণ আসতে পারে। যদিও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের একাংশের ধারণা, পুরোপুরি বন্ধ না হলেও খুব শিগগিরই কঠোর থেকে কঠোরতম নিয়ম চালু হতে পারে।








