JKNews24 Disk: আজ, ২৬ ফেব্রুয়ারি Banglar Yuva Sathi প্রকল্পে আবেদনের শেষ দিন। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই মাসিক ভাতা প্রকল্পে আবেদন গ্রহণের প্রক্রিয়া। মাত্র ৯ দিনের মধ্যেই বিপুল সাড়া ফেলেছে এই উদ্যোগ—বুধবার পর্যন্ত আবেদনকারীর সংখ্যা পৌঁছে গিয়েছে ৭৬ লাখ ৭৭ হাজারে। অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ৭৭ লাখ আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। তবে অনেক আবেদনকারীই হয়তো জানেন না, কিছু নির্দিষ্ট ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা হবে না। তাই আবেদন করার আগে বা স্ট্যাটাস চেক করার সময় নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন ঠিক আছে কি না, তা অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি।
এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ঢুকবে না যুবসাথী প্রকল্পের টাকা
পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, ২১ থেকে ৪১ বছর বয়সি শিক্ষিত কিন্তু বেকার যুবক-যুবতীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন, আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাশ। তবে শুধু যোগ্য হলেই হবে না, ব্যাঙ্ক সংক্রান্ত কিছু শর্তও মানতে হবে। সরকারি গাইডলাইন অনুযায়ী, যাঁদের জয়েন্ট বা যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং আবেদনের সময় সেই অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, তাঁরা এই প্রকল্পের মাসিক ভাতা পাবেন না। একইভাবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, সেখানে মাসিক ১৫০০ টাকা জমা হবে না। পাশাপাশি অ্যাকাউন্ট যদি নিষ্ক্রিয় (inactive) থাকে, তাতেও ভাতা পেতে সমস্যা হতে পারে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বপ্নের প্রকল্প যুবসাথীতে সবচেয়ে বেশি আবেদন করেছেন দক্ষিণ 24 পরগনার বেকার যুবক-যুবতীরা। এরপর সবচেয়ে বেশি আবেদনের নিরিখে তালিকায় নাম রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের মতো জেলা থেকে প্রচুর আবেদন জমা পড়েছে।
