সোমবার বীরভূমের বোলপুরে নির্বাচনী জনসভা থেকে ফের তীব্র ভাষায় রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন Amit Shah। পল্লিমঙ্গল ক্লাবের মাঠে দাঁড়িয়ে তিনি বলেন, “আপনারা ইভিএমে পদ্ম চিহ্ন খুঁজে নিন, তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে বের করব।” পাশাপাশি ক্ষমতায় এলে কাটমানি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের “উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।” এদিন ‘অনুপ্রবেশ’ ইস্যুতেও তৃণমূল সরকারকে নিশানা করেন তিনি।
অমিত শাহের বদলা নেওয়ার হুমকি
জনসভায় দাঁড়িয়ে বদলা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ময়ূরেশ্বরে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে অমিত শাহ তৃণমূলের নেতা কর্মীদের ২৩ এপ্রিল ঘরে বসে থাকতে বলেন। নাহলে ৫ মে খুঁজে খুঁজে বের করে জেলে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। রাজ্যের মানুষ যাতে বোমার জবাব ব্যালটে দেন সেই বার্তা দেন অমিত।
বোলপুরের সভা থেকে Amit Shah তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান। তিনি ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, পুরনিয়োগ দুর্নীতি, রেশন কেলেঙ্কারি, মনরেগা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে নিশানা করেন। মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “রাত ১টাতেও মেয়েরা স্কুটিতে বেরতে পারবে, এমন বাংলা গড়ব—আর কোনও আর জি কর বা দুর্গাপুরের মতো ঘটনা হবে না, সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।” পাশাপাশি ক্ষমতায় এলে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতিও ফের একবার শোনা গেল তাঁর মুখে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
অমিত শাহের (Amit shah) অভিযোগ
বোলপুরের সভা থেকে Amit Shah আরও একধাপ এগিয়ে All India Trinamool Congress-এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, জল জীবন মিশনের কোটি কোটি টাকা নাকি তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন। ময়ূরেশ্বরের রাস্তার বেহাল দশা নিয়েও সরব হন তিনি, এমনকি শান্তিনিকেতনে Rabindranath Tagore-এর ঘর ভাঙার অভিযোগও তোলেন। তাঁর কথায়, তৃণমূল বাংলার সংস্কৃতি রক্ষা করতে ব্যর্থ, অন্যদিকে Narendra Modi-র উদ্যোগেই শান্তিনিকেতন ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়ার কাজ হয়েছে। বোলপুরের পর খয়রাশোলে সভা সেরে তিনি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে জনসভা করেন, সেখান থেকে বিজেপি প্রার্থী Jitendra Tiwari-কে জেতানোর আহ্বান জানান। পাশাপাশি আশ্বাস দেন, জিতলে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার যে সময় অমিত শাহ বীরভূমের বোলপুরে নির্বাচনী সভা করছিলেন ওই সময়েই বীরভূমের সিউড়িতে সভা ছিল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা থেকে মমতা ফের একবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও জলজীবন মিশন, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের কাজ চালু রেখেছে রাজ্য সরকার।
