Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারসাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়? উচ্চ মাধ্যমিকের পর ক্যারিয়ার গাইড

সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়? উচ্চ মাধ্যমিকের পর ক্যারিয়ার গাইড

- Advertisement -

মাধ্যমিকের পর অনেক ছাত্র-ছাত্রীরই স্বপ্ন থাকে সাইন্স নিয়ে পড়াশোনা করার। কিন্তু সাইন্স নিয়ে পড়লে কী হতে পারে—এ প্রশ্নটা প্রায় সবারই মনে আসে। অনেকের ধারণা, সাইন্স মানেই শুধু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং। এক সময় এমনই ধারণা প্রচলিত ছিল, কিন্তু আজকের আধুনিক যুগে বিজ্ঞান বিভাগ মানে আর কেবল ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়। বরং সাইন্স পড়লে বিভিন্ন ধরনের বহুমুখী কেরিয়ারের সুযোগ রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে কম নম্বরেও ভর্তি হওয়া সম্ভব। আজকের প্রতিবেদনে আমরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় পাসের পর যে সমস্ত কেরিয়ার পাথ রয়েছে। সেই সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরব। ছাত্র-ছাত্রীদের সব প্রশ্নের উত্তর একত্রিতভাবে এই প্রতিবেদনে পাওয়া যাবে।

সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়?

বিজ্ঞান বিভাগে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইন এখনও সবচেয়ে জনপ্রিয় ও স্থিতিশীল কেরিয়ার হিসেবে বিবেচিত হয়। তবে এর বাইরে আজকের আধুনিক যুগে অসংখ্য নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমান ডিজিটাল যুগে, সাইন্স নিয়ে পড়াশোনা মানে ভালো কেরিয়ার গড়ার হাজারো সুযোগের দরজা খুলে দেওয়া, যেখানে শুধু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নয়, তথ্যপ্রযুক্তি, গবেষণা, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সের মতো নতুন ক্ষেত্রেও সফলতা অর্জন সম্ভব।

বিজ্ঞান শাখায় ভর্তির পর কি করা যায়?

উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় ভর্তির পর ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার গড়তে পারেন। সবচেয়ে জনপ্রিয় দুটি লাইন হল:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

  1. ইঞ্জিনিয়ারিং – যন্ত্র, কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সহ নানা বিশেষায়িত শাখা।
  2. মেডিকেল – ডাক্তারি, দন্ত চিকিৎসা, ফার্মাসি, নার্সিং, ফিজিওথেরাপি ইত্যাদি।

তবে শুধু এগুলো নয়, আধুনিক যুগে আরও অনেক বিকল্প রয়েছে:

  • বায়োটেকনোলজি ও জেনেটিক্স
  • ডাটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
  • পরিবেশ বিজ্ঞান ও ক্লাইমেট স্টাডিজ
  • ফোরেন্সিক সায়েন্স
  • ফার্মাসিউটিক্যাল রিসার্চ
  • খাদ্য বিজ্ঞান ও নিউট্রিশন

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি (বি.টেক/বি.ই)

বিজ্ঞানের ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কেরিয়ার হলো ইঞ্জিনিয়ারিং। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) বা সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৪ বছরের বি.টেক বা বি.ই কোর্সে ভর্তি হওয়া যায়। এখানে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল, মেকানিক্যাল বা আইটি-এর মতো বিভিন্ন শাখা রয়েছে। সরকারি কলেজে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় বা আইআইটি-তে পড়ার খরচ ৪ বছরে মাত্র ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। তবে বেসরকারি কলেজে এই খরচ ৮ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কোর্স শেষ হলে গুগল, মাইক্রোসফট, টাটা বা রিলায়েন্সের মতো বড় সংস্থায় বছরে ৬ লক্ষ থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতনের চাকরি পাওয়ার সুযোগ থাকে। এছাড়াও, গেট (GATE) পরীক্ষার মাধ্যমে সরকারি সংস্থা যেমন ওএনজিসি (ONGC) বা কোল ইন্ডিয়াতে উচ্চপদে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

ডাক্তারি (এমবিবিএস/বিডিএস)

উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে পড়া ছাত্রছাত্রীরা নিট (NEET) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৫.৫ বছরের এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তি হতে পারেন। ডাক্তারি একটি অত্যন্ত সম্মানজনক এবং দায়িত্বপূর্ণ পেশা। সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ তুলনামূলকভাবে খুবই কম, প্রায় ১–২ লক্ষ টাকার মধ্যে পুরো কোর্স শেষ করা সম্ভব। তবে বেসরকারি কলেজে খরচ ৩০ লক্ষ থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে। ডাক্তার হিসেবে ক্যারিয়ার শুরু করলে প্রাথমিকভাবে মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা যায়। এবং স্পেশালাইজেশন করলে আয়ের সীমা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়াও নিজস্ব ক্লিনিক বা নার্সিং হোমে প্র্যাকটিস করার অবারিত সুযোগ রয়েছে।

ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

বর্তমান যুগে তথ্যের গুরুত্ব সবচেয়ে বেশি। গণিত ও কম্পিউটারে দক্ষ ছাত্রছাত্রীরা ৩ বছরের বিএসসি বা ৪ বছরের বি.টেক ইন ডেটা সায়েন্স ও এআই কোর্স করতে পারেন। এই কোর্সের খরচ কলেজভেদে ৩ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আজকের দিনে এটি সবচেয়ে বেতনভোগী পেশাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে। কোর্স শেষের পর একজন ডেটা এনালিস্ট বা এআই স্পেশালিস্ট হিসেবে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে বছরে ১০ থেকে ২০ লক্ষ টাকা বেতনের চাকরি পাওয়া সম্ভব। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এই পেশার চাহিদা দিন দিন বাড়ছে।

আর্কিটেকচার (বি.আর্ক)

বিজ্ঞানের সৃজনশীল ছাত্রছাত্রীদের জন্য ৫ বছরের ব্যাচেলর অফ আর্কিটেকচার (B.Arch) একটি চমৎকার কেরিয়ার পাথ। এর জন্য নাটা (NATA) বা জেইই পেপার-২ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ৫ বছরের পুরো কোর্সের খরচ কলেজভেদে ৫ থেকে ১০ লক্ষ টাকা হতে পারে। কোর্স শেষের পর প্রার্থীরা নিজস্ব আর্কিটেকচার ফার্ম খুলতে পারেন বা বড় রিয়েল এস্টেট কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন।

বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি

বর্তমান কালে বিজ্ঞান বিভাগের অন্যতম সেরা কেরিয়ার পাথ হলো জিনতত্ত্ব, ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা। এই ক্ষেত্রে ৩ বছরের স্নাতক (B.Sc) এবং ২ বছরের স্নাতকোত্তর (M.Sc) কোর্স সম্পন্ন করতে হয়। কোর্স শেষে প্রার্থীরা বায়োটেকনোলজিস্ট হিসেবে বড় ল্যাবরেটরি বা ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থায় কাজ করতে পারেন। পড়াশোনার খরচ কলেজভেদে বছরে প্রায় ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

ফার্মাসি (বি.ফার্ম)

ওষুধ তৈরি ও গবেষণায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য ৪ বছরের বি.ফার্ম (B.Pharm) কোর্স একটি সেরা কেরিয়ার পাথ। এই কোর্সে ভর্তি হতে হয় জয়েন্ট এন্ট্রান্স বা নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে। সরকারি কলেজে খরচ তুলনামূলক কম হলেও, বেসরকারি প্রতিষ্ঠানে ৪ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। কোর্স শেষের পর ড্রাগ ইন্সপেক্টর হিসেবে সরকারি চাকরিতে যোগ দেওয়া যায় অথবা বিভিন্ন মাল্টিন্যাশনাল ফার্মা কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে কাজ করার সুযোগ থাকে। এছাড়াও নিজের ওষুধের দোকান বা উৎপাদন ইউনিট খোলার সুযোগও রয়েছে।

বিএসসি নার্সিং

বর্তমানে সাইন্সের ছাত্রছাত্রীদের জন্য বিএসসি নার্সিং একটি গুরুত্বপূর্ণ কোর্স। ৪ বছরের এই ডিগ্রি কোর্সে ভর্তির জন্য আলাদা প্রবেশিকা পরীক্ষা (JENPAS) দিতে হয়। কোর্সের খরচ কলেজভেদে ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। বর্তমানে ভারত ছাড়াও ব্রিটেন, আমেরিকা, কানাডা-সহ বিভিন্ন দেশে ভারতীয় নার্সদের প্রচুর চাহিদা রয়েছে। শুরুতে বেতন মাসে ২৫ থেকে ৪০ হাজার টাকা হলেও অভিজ্ঞতা এবং বিদেশের চাকরিতে এই বেতন কয়েক লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে।

এগ্রিকালচারাল সায়েন্স

বিজ্ঞানের অনেক ছাত্রছাত্রী কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী থাকেন, কারণ এখানেও ভালো কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। ৪ বছরের বিএসসি ইন এগ্রিকালচার কোর্স সম্পন্ন করে কৃষি বিজ্ঞানী বা এগ্রিকালচার অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করা যায়। সরকারি কলেজে ৪ বছরের এই কোর্সের খরচ ১ লক্ষ টাকারও কম। সরকারি কৃষি দপ্তরের পাশাপাশি বিভিন্ন সার ও বীজ উৎপাদনকারী সংস্থায় ভালো বেতনের চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও বর্তমান সময়ে অর্গানিক ফার্মিং ও স্টার্টআপের মাধ্যমে কৃষি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ারও ব্যাপক সুযোগ রয়েছে।

অ্যারোস্পেস ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং

মহাকাশ বিজ্ঞান বা বিমান চলাচলের প্রযুক্তিতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সেরা ক্যারিয়ার পাথ। ৪ বছরের এই ইঞ্জিনিয়ারিং কোর্সের খরচ কলেজভেদে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কোর্স শেষের পর ইসরো (ISRO), ডিআরডিও (DRDO) বা এয়ারবাসের মতো বিশ্ববিখ্যাত সংস্থায় বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ থাকে। এখানে বেতন ও সামাজিক মর্যাদা—দুটোই অত্যন্ত উচ্চ।

ফরেনসিক সায়েন্স

আজকাল বিভিন্ন অপরাধ তদন্তেও বিজ্ঞানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ফরেনসিক সায়েন্সেও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সম্মানজনক কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। তারা ৩ বছরের বিএসসি ইন ফরেনসিক সায়েন্স কোর্স করতে পারেন। এই কোর্সের খরচ কলেজভেদে ২ থেকে ৪ লক্ষ টাকা হতে পারে। কোর্স শেষের পর সিবিআই, পুলিশ বা ফরেনসিক ল্যাবরেটরিতে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ থাকে।

কমার্শিয়াল পাইলট

ছোটবেলা থেকেই অনেকেরই পাইলট হওয়ার স্বপ্ন থাকে। পাইলটের ট্রেনিং নেওয়ার জন্য উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও ম্যাথ থাকা বাধ্যতামূলক, তাই যারা পিউর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই কোর্সের খরচ তুলনামূলকভাবে বেশি, প্রায় ৪৫ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দিলে শুরুতে মাসে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা বেতন পাওয়া যায়, এবং পরবর্তীকালে বেতন ৫–৮ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

গবেষণা

যদি কোনো নির্দিষ্ট বিষয় যেমন পদার্থবিদ্যা বা রসায়ন আপনার খুব প্রিয় হয়, তবে ৩ বছরের বিএসসি এবং ২ বছরের এমএসসি করার পর নেট (NET) বা গেট (GATE) পরীক্ষা দিয়ে পিএইচডি করতে পারেন। গবেষণার সময় সরকার থেকে মাসে প্রায় ৩৭ থেকে ৪২ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। পিএইচডি সম্পন্ন করার পরে আপনি বিজ্ঞানী হিসেবে বড় ল্যাবরেটরি বা গবেষণা সংস্থায় কাজ করতে পারেন অথবা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন।

মেরিন ইঞ্জিনিয়ারিং ও নটিক্যাল সায়েন্স

সমুদ্রের মাঝখানে জাহাজের ইঞ্জিন পরিচালনা বা জাহাজ চালানোর আগ্রহ থাকলে ৪ বছরের মেরিন ইঞ্জিনিয়ারিং বা ৩ বছরের নটিক্যাল সায়েন্স কোর্স করা যায়। এই কোর্সের খরচ কলেজভেদে ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মার্চেন্ট নেভিতে চাকরি পেলে শুরুর বেতনই মাসে ১ লক্ষ টাকার উপরে হয়, এবং অভিজ্ঞতা ও প্রোমোশনের মাধ্যমে আরও বড় পদে যাওয়ার সুযোগও থাকে।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -