জল দিয়েই জ্বলবে আগুন—শুনতে অবাক লাগলেও গ্রিন হাইড্রোজেন স্টোভের হাত ধরে সেটাই এখন বাস্তব হতে চলেছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে LPG গ্যাসের সংকট দেখা দেওয়ায় সাধারণ মানুষ অনেকটাই ইন্ডাকশন চুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আর সেই কারণেই বাজারে ইন্ডাকশনের চাহিদাও হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। কিন্তু প্রযুক্তি প্রতিনিয়ত বদলাচ্ছে, আর সেই ধারাবাহিকতায় এবার আসছে আরও উন্নত, পরিবেশবান্ধব বিকল্প—গ্রিন হাইড্রোজেন স্টোভ।
গ্রিন হাইড্রোজেন স্টোভ কবে আসবে বাজারে?
যুদ্ধ পরিস্থিতিতে LPG-র সংকট বাড়তেই এবার সামনে আসছে এক অভিনব সমাধান—গ্রিন হাইড্রোজেন স্টোভ, যেখানে শুধু জল দিলেই জ্বলে উঠবে আগুন এবং খুব দ্রুত রান্না করা যাবে। শুনতে অবাক লাগলেও এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল, রান্নার সময় কোনও ধোঁয়া বেরোবে না এবং কার্বন ডাই অক্সাইডও নির্গত হবে না, ফলে পরিবেশ থাকবে সম্পূর্ণ দূষণমুক্ত। সাধারণ জলের মাধ্যমেই এই স্টোভ চালানো যাবে বলেই এর নাম দেওয়া হয়েছে গ্রিন হাইড্রোজেন স্টোভ।
স্টোভটি কাজ করবে কী ভাবে?
বলাই বাহুল্য, দেশে LPG-র সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দূষণ কমাতে National Hydrogen Mission-এর অধীনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই সময়ে পাইপলাইনের মাধ্যমে গ্রিন হাইড্রোজেন সরবরাহ করার পরিকল্পনা থাকলেও, বর্তমান LPG সংকটের পরিস্থিতিতে এবার ঘরে ঘরে বিকল্প হিসেবে গ্রিন হাইড্রোজেন স্টোভ পৌঁছে দেওয়ার দিকেই জোর দেওয়া হচ্ছে। সাধারণত পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ বা Electrolysis প্রক্রিয়ার মাধ্যমে যে হাইড্রোজেন তৈরি হয়, সেটাই গ্রিন হাইড্রোজেন—যা সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং এতে কোনও কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় না। জানা গিয়েছে, এই আধুনিক স্টোভ মূলত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে এবং এতে থাকবে দুটি বার্নার, যেখান থেকে উৎপন্ন গ্রিন হাইড্রোজেন ব্যবহার করেই সহজে ও পরিষ্কারভাবে রান্না করা সম্ভব হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হাইড্রোজেন স্টোভে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ইলেক্ট্রোলাইজার থাকবে যা জলকে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত করবে। এর ফলে বিশুদ্ধ পানীয় জল স্টোভের ভিতর গ্রিন হাইড্রোজেনে পরিণত হয়ে তা থেকে আগুনে পরিণত হবে। তবে আগুন প্রচুর পরিমাণে যাতে উৎপন্ন না হয় তা নিয়ন্ত্রণ করবে এই স্টোভে থাকা বিশেষ প্রযুক্তি। ফলে দাউ দাউ করে আগুন না জ্বলে যতটা প্রয়োজন ঠিক ততটা তাপেই হবে রান্না।
গ্রিন হাইড্রোজেন স্টোভের দাম কত হবে?
LPG-র সংকটের মাঝে যে গ্রিন হাইড্রোজেন স্টোভ বাজারে আসতে চলেছে, তার দাম শুরুতে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি হতে পারে, যা অনেকের কাছেই একটু বেশি মনে হতে পারে। তবে এই খরচটা মূলত এককালীন—অর্থাৎ স্টোভ ইনস্টল করার সময়ই এই টাকা লাগবে। একবার সেটআপ হয়ে গেলে পরবর্তীতে আর আলাদা করে বিদ্যুৎ খরচ বা গ্যাস সিলিন্ডারের ঝামেলায় পড়তে হবে না বলেই দাবি করা হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে এটি খরচ বাঁচানোর দিক থেকেও সুবিধাজনক হতে পারে। এছাড়াও, ভবিষ্যতে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার এই স্টোভ কেনার উপর ভর্তুকি দিতেও পারে বলে ইঙ্গিত মিলছে।
