JKNews24 Disk: মেদিনীপুরের যাত্রীদের দীর্ঘদিনের দাবি অবশেষে মেনে নিল ভারতীয় রেল। দীঘা-আসানসোল এক্সপ্রেস এবার নতুন স্টেশনে দাঁড়াবে, যা মেদিনীপুর ও আশেপাশের এলাকার সাধারণ যাত্রীদের জন্য বড় সুবিধা নিয়ে এসেছে। ভোটমুখী বাংলায় যাত্রীদের অনুরোধের প্রতি সাড়া দিয়ে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।
কোন কোন নতুন স্টেশনে থামবে ট্রেনটি?
মেদিনীপুরের যাত্রীদের দাবিকে স্বীকৃতি দিয়ে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই গার্ডেনরিচ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে দীঘা-আসানসোল আপ এবং ডাউন এক্সপ্রেস ট্রেন বাঁকুড়ার ওন্দা স্টেশন, গড়বেতা, চন্দ্রকোনা রোড এবং শালবনি স্টেশনে এক মিনিটের জন্য দাঁড়াবে।
বলাই বাহুল্য, গত বছর এপ্রিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরই দীঘা-আসানসোল এক্সপ্রেসটিকে ওন্দা, শালবনির মতো স্টেশন গুলিতে দাঁড় করাতে হবে বলেই দাবি জানিয়ে এসেছিলেন রেলের সাধারণ যাত্রীরা। অবশেষে সেই আশা পূরণ হতে চলেছে তাঁদের। রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ পরীক্ষামূলক ভাবে বাড়ানো হলো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এডিআরএম খগেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, “পরবর্তী নোটিস না আসা পর্যন্ত ১৫ ফেব্রুয়ারি থেকে চন্দ্রকোনা রোড, ওন্দা, শালবনি এবং গড়বেতা স্টেশনে পরীক্ষামূলকভাবে এক মিনিটের জন্য স্টপেজ দেবে দীঘা-আসানসোল এক্সপ্রেস।’’ রেলের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত বাঁকুড়া ও মেদিনীপুরের সাধারণ মানুষ, যারা দীর্ঘদিন ধরে এই সুবিধার জন্য অপেক্ষা করছিলেন।

