PINKY KHAN, কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা, অবশেষে সেই অপেক্ষার অবসান। দীর্ঘ আট বছর পর আজ থেকেই অনলাইনে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের (WB Primary Teacher Recruitment) আবেদন প্রক্রিয়া। দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ফলে প্রাথমিক চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে চরম উত্তেজনা ও ব্যস্ততা। এদিকে পর্ষদ সরকারি ওয়েবসাইটে প্রকাশ করেছে জেলাভিত্তিক মোট ১৩,৪২১টি শূন্য পদের তালিকা, যা দেখে আরও তৎপর হয়ে উঠেছেন চাকরিপ্রার্থীরা।
কোন জেলায় কটি শূন্যপদ? (WB Primary Teacher Recruitment)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ষদ প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায় শূন্যপদের সংখ্যা স্পষ্ট হয়েছে (WB Primary Teacher Recruitment)। আলিপুরদুয়ার ২৩৭, বাঁকুড়া ৯৭৮, বীরভূম ৮৬০, কোচবিহার ৫৩৫, দক্ষিণ দিনাজপুর ৩৩৬, হুগলি ১২১২, হাওড়া ১৫০, জলপাইগুড়ি ৪৫৮, ঝাড়গ্রাম ১৮০—এভাবেই জেলাভিত্তিক শূন্যপদের হিসেব সামনে এসেছে। পাশাপাশি কলকাতায় ৯৪৭, মালদহে ৬৯৯, মুর্শিদাবাদে ৭৮৮, নদিয়ায় ৯০৬, পশ্চিম বর্ধমান ৪৮৫, পশ্চিম মেদিনীপুর ৭৪৪, পূর্ব বর্ধমান ৯২৮, পূর্ব মেদিনীপুর মাত্র ৭৬, পুরুলিয়া ৫২৪, শিলিগুড়ি ১৪৯ এবং দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ১৪৭১টি শূন্যপদ রয়েছে। উত্তর দিনাজপুরেও রয়েছে ২৩৭টি পদ।
আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে
এছাড়াও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার পর্ষদ (WBBPE) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, পুরো নিয়োগ প্রক্রিয়াটিই হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আবেদন ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ কল লেটার—সবকিছুই মিলবে একমাত্র সরকারি ওয়েবসাইটে। অর্থাৎ কোনও রকম জটিলতা, দালালচক্র বা মধ্যস্থতা ছাড়াই স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছে পর্ষদ।
তবে চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০১৭ সালের পর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যত বন্ধ হয়ে ছিল। তাঁদের দাবি, প্রায় ৮ বছর পর নিয়োগ শুরু হলেও শূন্যপদ মাত্র ১৩,৪২১ কেন রাখা হয়েছে, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই বছরেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ এবং বৃহৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
চাকরিপ্রার্থীদের মধ্যে এখন প্রধান আলোচনার বিষয় হল কোন জেলায় শূন্যপদের সুযোগ বেশি, আর কোন জেলায় প্রতিযোগিতা বেশি। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, কলকাতা ও মুর্শিদাবাদে শূন্যপদ বেশি থাকায় সেখানে আবেদনকারীদের নজর বেশি। তবে শিক্ষামহলের দাবি, বড় জেলার শূন্য পদের সংখ্যা বাড়ায় বহু প্রার্থী এবার যোগ্যতা অনুযায়ী সঠিক জেলা বেছে নেওয়ার সুযোগ পাবেন নিজে থেকেই। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে একাদশ-দ্বাদশ নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়া। জানা গিয়েছে আগামী ২৬ নভেম্বর থেকে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!








