JKNews24 Desk: যোগী রাজ্যের সম্ভল জেলায় সরকারি জমি উদ্ধারে ফের বুলডোজার অভিযান চালানো হয়েছে (Uttar Pradesh)। খবর অনুযায়ী, রবিবার সালেমপুর সালার বা হাজিপুর গ্রামে সরকারের জমিতে অবৈধভাবে নির্মিত একটি মসজিদ ও মাদ্রাসা সম্পূর্ণভাবে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া জমিটি পরে ২০ জন দুস্থ ব্যক্তিকে লিজে বরাদ্দ করা হয়েছে, যাতে তারা সেখানে নিজেদের বাড়ি বা অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে পারে।
আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান (Uttar Pradesh)
উজালার রিপোর্ট অনুযায়ী, গত বছর ২ সেপ্টেম্বর তহসিলদার আদালত রায় দিয়ে জানিয়েছিল যে, ওই মসজিদ এবং মাদ্রাসার জমি সরকারি সম্পত্তি এবং তা অবৈধভাবে দখল করা হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে দ্রুত উচ্ছেদের জন্য ১ জানুয়ারি তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং প্রশাসনিক দলসহ ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথমে সংশ্লিষ্ট পক্ষকে নিজেদের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা সরানোর সুযোগ দেওয়া হয়েছিল। যদিও তারা চেষ্টা করেছিলেন, কাজটি খুব ধীরগতিতে এগিয়েছিল।
এরপর রবিবার তহসিলদার ও সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুলডোজার চালিয়ে পুরো এলাকা পরিষ্কার করেন। এতে মোট ১৭০০ বর্গমিটার জমি উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। উদ্ধার হওয়া জমি ২০ জন দুস্থ ব্যক্তিকে ৮০ বর্গমিটার করে লিজে দেওয়া হয়েছে, যাতে তারা সেখানে নিজেদের বাসস্থান নির্মাণ করতে পারেন। লিজ প্রাপকদের তালিকাও প্রশাসনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে।
এদিকে অভিযান ঘিরে রাতে কোনও রকম অশান্তি না হয় যাতে, তার জন্য ৬টি থানার পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী মোতায়ন করা হয়। পাশাপাশি এসপি নিজেই নজরদারি করেছেন। তবে সবথেকে বড় ব্যাপার, এই অভিযানের পর ফেরার পথে প্রশাসনিক দল একটি বাড়িতে বিদ্যুৎ চুরির অভিযোগ পায়। অভিযোগ ওঠে, বিদ্যুৎ এর মিটার খুলে ফেলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। লাইন ম্যান বিষয়টি প্রশাসনকে জানান। তারপর বাড়ির মালিককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।
