আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার বিনোদন  শিল্প অন্যান্য

ভোটার তালিকা ইস্যুতে তোলপাড়, SIR নিয়ে WhatsApp বার্তা প্রকাশ শুভেন্দুর

SIR

২৬-এর বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই যেন বঙ্গ রাজনীতির পারদ চড়ছে। তার মাঝেই শেষ মুহূর্তে জোরকদমে চলছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। শুরু থেকেই এই প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক, শোরগোল আর রাজনৈতিক চাপানউতোর। একাধিকবার শাসকদলের তরফে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, আবার পাল্টা জবাব দিতেও পিছপা হয়নি বিরোধীরা। এই টানাপোড়েনের মধ্যেই SIR ইস্যুতে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), যা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

প্রশাসনের অবৈধ WhatsApp বার্তা ফাঁস শুভেন্দুর

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলাকালীন বিডিও অফিসগুলিতে ‘অরাজকতা’র অভিযোগ তুলে কিছুদিন আগেই সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় শাসকদলের পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও রীতিমতো তুলোধোনা করেছিলেন তিনি। আর এবার নিজের এক্স হ্যান্ডেলে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক শেয়ার করা একটি WhatsApp বার্তা প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। যেখানে লেখা ছিল, “অনুগ্রহ করে এইমুহুর্তে আপনার দলকে সচেতন করুন যেন এখনই “NOT verified” বিকল্পে ক্লিক না করা হয়। যদি কোনও বিভ্রান্তি হয়, তাহলে দয়া করে আগে আমাকে বা OC নির্বাচনের কাছে বিষয়টি উত্থাপন করুন। প্রতিদিন ৩০০০ যাচাইকরণের লক্ষ্যমাত্রা যেকোনো পরিস্থিতিতেই পূরণ করতে হবে।” যা সরাসরি প্রশাসনের অবৈধ আদেশ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

কমিশনকে তদন্তের আবেদন শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা সরকারের এই বার্তাবাজি আসলে প্রশাসনিক ক্ষমতার স্পষ্ট অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবেই অযোগ্য ভোটারদের আড়াল করতে ও ভোটব্যাংক রাজনীতি টিকিয়ে রাখতে SIR প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছে, যার ফলে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ সমীক্ষা কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণেই তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন, যেন এই ধরনের অহেতুক ও অবৈধ প্রশাসনিক চাপের বিষয়টি কমিশন স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখে। পাশাপাশি, পুরো বিষয়টিতে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের ভূমিকা কী ছিল, তা নিয়ে একটি উচ্চ-স্তরের তদন্তেরও দাবি তুলেছেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, কিছুদিন আগে SIR ইস্যু ঘিরে একাধিক জেলায় বিডিও অফিসে তুমুল অশান্তির ছবি সামনে আসে, যেখানে সরকারি আসবাবপত্র ভাঙচুর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্য পুলিশকেও কাঠগড়ায় তোলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, চোখের সামনে সরকারি অফিসে ভাঙচুর, নথি নষ্ট এবং কর্মীদের উপর হামলা চললেও পুলিশ কার্যত “মেরুদণ্ডহীন দর্শক”-এর মতো দাঁড়িয়ে থেকেছে। পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি, যা গোটা SIR প্রক্রিয়ার নিরপেক্ষতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।