আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার বিনোদন  শিল্প অন্যান্য

গভীর রাতে রোহিত শেট্টীর বাড়িতে গুলিবর্ষণ, পাঁচজন আটক

গভীর রাতে রোহিত শেট্টীর বাড়িতে গুলিবর্ষণ

JKNews24 Disk: শান্তি যেন কিছুতেই ফিরছে না বলিউড তারকাদের জীবনে। শনিবার গভীর রাতে পরিচালক রোহিত শেট্টীর মুম্বইয়ের বাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এই ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাং। ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ শুরু হয়েছে বলিউড মহলে।

পুলিশ সূত্রে খবর, রাত প্রায় পৌনে একটা নাগাদ এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। একটি গুলি জুহুতে রোহিত শেট্টীর আবাসনের জিম-এর কাচের দেওয়ালে গিয়ে লাগে। ঘটনার তদন্তে নেমে রবিবার পুণের ধয়ারি ও কার্ভেনগর এলাকা থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) এবং স্বপ্নীল সকত (২৩)। পাঁচজনের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনার মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুভম লোঙ্কের ওরফে আরজ়ো বিশ্নোই নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে পোস্ট করে গুলিকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাঁর পোস্টে লেখা, “রাম রাম! সমস্ত ভাইদের জানাই, জয় বজরংবলী। আজ আমরা পরিচালক রোহিত শেট্টীর মুম্বইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করছি। আমাদের কাজে নাক না গলানোর জন্য বহুবার ওকে বার্তা দিয়েছিলাম। কিন্তু ও বোঝেনি।” এই পোস্ট ঘিরে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ।

গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেই থামেননি ওই ব্যক্তি, পোস্টে আরও ভয়ংকর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সেখানে লেখা হয়েছে, “এ তো শুধু একটা ঝলক। আমাদের কথা না শুনলে পরের গুলিটা আর বাড়ির বাইরে চলবে না। সোজা শোওয়ার ঘরে ঢুকে ওর বুকে গিয়ে বিঁধবে।” পাশাপাশি গোটা বলিউডকেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের পথ ঠিক না করলে পরিণতি নাকি আরও ভয়াবহ হবে। এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে বিনোদন মহলে।

পোস্টের শেষ অংশে আরও কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে। সেখানে লেখা, “আমাদের শত্রুদের বলছি, প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা করো। একটাই দল ছিল, আছে আর থাকবে—লরেন্স বিশ্নোইয়ের দল।” এই মন্তব্য সামনে আসতেই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে খুব গুরুত্ব সহকারে।

উল্লেখ্য, লরেন্স বিশ্নোই গ্যাংয়ের হুমকি নতুন নয়। এর আগেও একাধিকবার সলমন খানকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এই গোষ্ঠী, এমনকি সলমন-ঘনিষ্ঠ ব্যক্তিরাও রেহাই পাননি। ২০২৪ সালের অক্টোবর মাসে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার ঘটনার দায়ও স্বীকার করেছিল এই দল। সেই পুরনো আতঙ্কের স্মৃতি উসকে দিয়েই ফের বলিউডে অশান্তির ছায়া ফেলল এই গুলিকাণ্ড।