JKNews24 Disk: সময় যত এগোচ্ছে, ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। মাঝেমধ্যে সামান্য পতন দেখা গেলেও খুব দ্রুতই আবার ঊর্ধ্বমুখী হচ্ছে হলুদ ধাতুর দর। বর্তমানে ভারতে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম পৌঁছেছে প্রায় ১ লক্ষ ৫৮ হাজার ৭৮০ টাকায়, আর বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে আগামী দিনে এই দাম ২ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক এই পরিস্থিতিতেই অনেকের মনে প্রশ্ন উঠছে, পাকিস্তানে সোনার দাম (Gold Price in Pakistan) কত এবং সেখানকার বাজার পরিস্থিতি কেমন। তবে অর্থনৈতিক বাস্তবতা বিচার করলে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা কার্যত চলে না, কারণ অর্থনীতি থেকে বাজার স্থিতিশীলতা—প্রায় সব দিকেই ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমের এই প্রতিবেশী দেশ।
পাকিস্তানে সোনার দাম কত?
সাম্প্রতিক বছরগুলিতে দেশি ও বিদেশি ঋণের চাপে কার্যত নাজেহাল পাকিস্তানের অর্থনীতি। সে দেশের আর্থিক ব্যবস্থা যে প্রায় হামাগুড়ি দিচ্ছে, তা বলাই বাহুল্য। এর উপর রয়েছে ভয়াবহ মুদ্রাস্ফীতি—দৈনন্দিন আনাজ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দামই আকাশছোঁয়া। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারেও। বর্তমানে পাকিস্তানে সোনার দাম ভারতের তুলনায় অনেকটাই বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, আজ ১০ ফেব্রুয়ারি পাকিস্তানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে প্রায় ৪ লাখ ৪৯ হাজার ৮৯৯ পাকিস্তানি রুপিতে। অর্থাৎ, সেখানে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনা কিনতে খরচ পড়ছে প্রায় ৪৪,৯৮৯ টাকা ৯০ পয়সা। তুলনায় ভারতে এই মুহূর্তে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫ হাজার ৮৭৮ টাকা।
পাকিস্তানে সোনার দামে আগুন লাগায় বিয়ের মতো শুভ অনুষ্ঠান গুলিতে সোনা কেনার কথা ভেবেও পিছিয়ে আসতে হচ্ছে পাকিস্তানিদের। আর এই দেশটিতে সোনার এমন ঊর্ধ্বমুখী দামের অন্যতম প্রধান কারণ সে দেশের দুর্বল অর্থনীতি। পাকিস্তান সরকার প্রায়শই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য সোনা আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি সোনা আমদানির উপর 60 দিন অর্থাৎ টানা দু মাসের জন্য তেমনই নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাক সরকার, যার ফলে পাকিস্তানে সোনার ঘাটতি দেখা দেয়। আর সেটাই সোনার দাম বাড়ার প্রধান কারণ।









