JKNews24 Disk: ডিজিটাল নিরাপত্তা আরও কড়া করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১ মার্চ থেকে আর সিমকার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না—শুধু WhatsApp নয়, একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে Telegram ও Signal-এর ক্ষেত্রেও (WhatsApp SIM Binding Rule)। সরকারের নির্দেশ অনুযায়ী, এই মেসেজিং অ্যাপগুলি ব্যবহার করতে হলে সক্রিয় সিম কার্ডের সঙ্গে নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক হবে, যাতে নিশ্চিত করা যায় যে ব্যবহৃত মোবাইল নম্বরটি আসল এবং চালু রয়েছে। অর্থাৎ, সিম খুলে ফেললে বা সেটি নিষ্ক্রিয় হয়ে গেলে সংশ্লিষ্ট ডিভাইসে আর অ্যাপের পরিষেবা কাজ করবে না। ভুয়ো অ্যাকাউন্ট ও সাইবার জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
WhatsApp SIM Binding rules (সিম বাইন্ডিং) কী?
সিম-বাইন্ডিং বলতে বোঝায়, আপনি যে মোবাইল নম্বর দিয়ে WhatsApp অ্যাকাউন্ট খুলেছেন, সেই একই সিম কার্ডটি আপনার ফোনে সক্রিয় অবস্থায় থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, শুধু ৬ সংখ্যার ওটিপি দিয়ে একবার লগইন করলেই আর হবে না—নতুন নিয়ম অনুযায়ী যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট চালু করা হয়েছে, সেই সিমটি সব সময় ফোনে চালু থাকতে হবে। আগে অনেকেই ওটিপি দিয়ে লগইন করার পর সিম খুলে ফেললেও ওই ডিভাইসে অ্যাপ ব্যবহার করতে পারতেন, কিন্তু এবার সেই সুবিধা বন্ধ হতে চলেছে। সরকারের মতে, ডিজিটাল জালিয়াতি, ভুয়া নম্বরের অপব্যবহার ও সাইবার অপরাধ রুখতেই এই কড়াকড়ি। প্রতিটি অ্যাকাউন্ট যদি ভেরিফায়েড ও সক্রিয় সিমের সঙ্গে যুক্ত থাকে, তাহলে ভুয়া প্রোফাইল চিহ্নিত করা অনেকটাই সহজ হবে এবং অনলাইন প্রতারণা কমানো সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৫ সালেই কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতর অর্থাৎ Department of Telecommunications-এর তরফে WhatsApp-কে সিম-বাইন্ডিং সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। মূল লক্ষ্য একটাই—ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দৌরাত্ম্য কমানো। নতুন নিয়ম চালু হলে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হবে, সেই নম্বরের সিম অবশ্যই সংশ্লিষ্ট স্মার্টফোনে সক্রিয় রাখতে হবে, না হলে ওই নম্বরের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। তদন্তে দেখা গিয়েছে, প্রতারকরা অনেক সময় যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালু করেন, পরে সেই সিমটি আর ফোনে রাখেন না—কখনও নষ্ট করে দেন—ফলে তাদের ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই সিম-বাইন্ডিং ব্যবস্থা চালুর নির্দেশ দেয় সরকার। সেই নির্দেশ মেনে Meta-র তরফে নম্বর যাচাই প্রক্রিয়া আরও কড়া করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
