বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) গুটিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। সেই ম্যাচে নিজামের দলের হয়ে ওপেনিং করতে নেমে একেবারে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। মাত্র ২১ বলে ৪৮ রান করা তার ইনিংসটাই SRH কে জয়ের পথে ঠেলে দিয়েছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে শাস্তি পেতে হল এই তারকা ক্রিকেটারকে। জানা যাচ্ছে, KKR ম্যাচে গালিগালাজ করার কারণে শাস্তি পেয়েছেন অভিষেক শর্মা।
অভিষেককে বড় শাস্তি দিল BCCI
গতকাল KKR বনাম SRH ম্যাচ শেষ হতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়ে দেয়, অভিষেক শর্মা বোর্ডের আচরণ বিধি ভাঙার কারণে শাস্তি পাচ্ছেন। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ রয়েছে, যা নিজেও স্বীকার করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের আচরণ বিধির ২.৩ ধারায় এই অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, বোর্ডের নিয়ম অনুযায়ী অগ্রহণযোগ্য আচরণের কারণে অভিষেক শর্মাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ কমানো হয়েছে। তবে অপরাধ লেভেল ওয়ান হওয়ায় তাঁকে নির্বাসনের মুখে পড়তে হয়নি এবং কোনও ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়নি। বোর্ডের তরফে তাকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি না ঘটে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ঠিক কী করেছিলেন অভিষেক?
কলকাতার ম্যাচে অভিষেক শর্মা ঠিক কোন কারণে শাস্তি পাচ্ছেন তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিশেষ কিছু জানায়নি। তবে মনে করা হচ্ছে, তিনি আউট হওয়ার পর যথেষ্ট হতাশ হয়ে আচমকা নিজেকেই গালিগালাজ করতে শুরু করেন। উল্লেখযোগ্য বিষয়, সেই অশ্রাব্য গালিগালাজ স্ট্যাম্প মাইকে ধরা পড়েছিল। পরবর্তীতে সেই রেকর্ডেড ভাষণের কারণে এই খেলোয়াড় শাস্তির মুখে পড়েছেন।
উল্লেখ্য, এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন RCB র কাছে হেরে একেবারে হতাশ হয়ে পড়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ছেলেরা। তবে গতকাল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে দাঁড়িয়ে, জয় তুলে কিছুটা হলেও সেই হতাশা কাটিয়ে উঠল SRH। এদিন প্রথমে ব্যাট করে 226 রান তুলেছিল নিজামের দল। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 161 তেই গুটিয়ে যায় কলকাতা।
