JKNews24 Disk: কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং, আর সেই খবর ছড়াতেই মুহূর্তে তোলপাড় পড়ে যায় নেটদুনিয়ায়। কেউ কেউ নানা রকম কারণ খুঁজতে শুরু করেন—এমনকি অনেকে ধরে নেন, রাজনীতিতে যোগ দেওয়ার জন্যই হয়তো তিনি গান থেকে সরে আসছেন। যদিও এই জল্পনা নিয়ে অরিজিতের তরফে কোনও স্পষ্ট মন্তব্য আসেনি। ঠিক এই সব আলোচনা আর বিতর্কের মাঝেই হঠাৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
কলকাতায় আমির খান
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ সোমবার সকলেই কলকাতায় আসেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। কলকাতা বিমানবন্দরে নামতেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরাও দেন তিনি। পরনে ছিল তাঁর ধূসর রঙের টিশার্টের ওপর কালো লেদার জ্যাকেট। নিচে ছিল জলপাই রঙের ট্রাউজার। এবং চোখে ছিল কালো মোটা ফ্রেমের চশমা। পাপারাৎজিদের উদ্দেশে হাতও নারান তিনি। সেখান থেকে সোজা গাড়ি করে সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানে অরিজিতের বাড়িতে রয়েছেন বলে জানা গিয়েছে। আর তাতেই জল্পনা বাড়ছে কেন আমির খান এলেন অরিজিৎ এর বাড়িতে? তবে কি কোনো নতুন প্রজেক্ট? যদিও এই নিয়ে আমির বা অরিজিৎ কারও তরফেই কিছু জানানো হয়নি।
অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়িতে আমির
জঙ্গিপুর-আজিমগঞ্জের পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, আজ দুপুরেই জিয়াগঞ্জে এসে পৌঁছন আমির খান। তাঁর কথায়, “আমির খানকে সামনে থেকে দেখে আমরা সবাই ভীষণ খুশি।” এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত ভক্তদের ভিড় জমে যায় অরিজিৎ সিংয়ের বাড়ির আশপাশে। ভিড়ের মাঝেই গাড়ি থেকে নেমে আমির খান হাত তুলে উপস্থিত জনতাকে অভিবাদন জানান এবং সোজা অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে এই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত অরিজিতের ঘনিষ্ঠ মহল সম্পূর্ণ নীরব—তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও তথ্য মেলেনি।
প্রসঙ্গত, আমির খান এবং অরিজিৎ সিং দু’জনেই তাঁদের কাজের ক্ষেত্রে পারফেকশনিস্ট। একদিকে আমির যেমন বেছে বেছে ছবিতেই কাজ করেন, তেমনই অরিজিৎও তাঁর কাজ নিয়ে ভীষণ যত্নশীল। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। অরিজিতের গাওয়া ‘গিলহরিয়াঁ’ বা ‘তেরে হাওয়ালে’-র মতো গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়।









