দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গেও চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। ফলে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের স্বাস্থ্যসুরক্ষায় বড় স্বস্তি মিলতে চলেছে। তবে অনেকের মনেই প্রশ্ন, বাংলায় মোট কত পরিবার এই প্রকল্পের আওতায় আসবে? স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি আলাদা করে আয়ুষ্মান কার্ড পাওয়া যাবে? রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে।
আপনি আদৌ আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্য?
আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করার সময়ই আবেদনকারীর যোগ্যতা ডিজিটালভাবে যাচাই করা হবে। ফলে আলাদা করে দীর্ঘদিন অপেক্ষা করার প্রয়োজন হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জানা যাবে, আপনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর সুবিধা পাওয়ার জন্য যোগ্য কি না।
আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজের যোগ্যতা যাচাই করতে প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রিনের উপরের ডানদিকে থাকা ‘Am I Eligible’ (আমি কি যোগ্য) অপশনে ক্লিক করুন। সেখানে নিজের মোবাইল নম্বর লিখে OTP-এর মাধ্যমে লগ-ইন করতে হবে। লগ-ইন সম্পন্ন হলেই পরবর্তী ধাপে গিয়ে খুব সহজেই জানা যাবে আপনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর সুবিধা পাওয়ার জন্য যোগ্য কি না।
লগ-ইন করার পর স্ক্রিনে প্রকল্পের নাম, রাজ্যের নাম এবং জেলার নাম নির্বাচন করতে হবে। এরপর আধার নম্বর অথবা পরিবারের কোনও সদস্যের নাম বা রেশন কার্ড নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে। আধার নম্বর ব্যবহার করলে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে যাচাই (Verification) সম্পন্ন হবে। তারপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখে Search অপশনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই জানা যাবে আপনার নাম আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় রয়েছে কি না। যদি আপনি যোগ্য হন, তাহলে স্ক্রিনে আপনার নামের পাশাপাশি পরিবারের অন্যান্য যোগ্য সদস্যদের তথ্যও প্রদর্শিত হবে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ৬ কোটিরও বেশি উপভোক্তা ধাপে ধাপে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর সুবিধার আওতায় আসবেন। ভবিষ্যতে এই সংখ্যাও আরও বাড়তে পারে। একইসঙ্গে, যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাঁরাও নির্ধারিত যোগ্যতা পূরণ করলে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে পারবেন। সরকার আরও জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই নন, কর্মসূত্রে বা পড়াশোনার কারণে রাজ্যের বাইরে বসবাসকারী যোগ্য উপভোক্তারাও প্রকল্পের নিয়ম অনুযায়ী আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারবেন।
