মাসের প্রথম দিনেই এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানো হয়েছে ((LPG Cylinder Price)। এই সংশোধনের ফলে সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২,৯৩০ টাকা, যা আগে ছিল ৩,১১৩.৫০ টাকা। তবে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে এই মূল্যছাড়ের সুবিধা মূলত হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরাই পাবেন, যদিও বাণিজ্যিক খাতে খরচ কমায় পরোক্ষভাবে সাধারণ মানুষেরও কিছুটা সুবিধা হতে পারে।
চলতি বছরে এই প্রথম ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। এর আগে ২০২৬ সালের শুরু থেকে একাধিক দফায় দাম বেড়েছিল। জানুয়ারিতে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৬৯১.৫০ টাকা। এরপর মার্চ মাসে দু’দফায় যথাক্রমে ২৮ টাকা ও ১১৪.৫০ টাকা দাম বাড়ানো হয়। মে মাসে এক লাফে ৯৯৩ টাকা মূল্যবৃদ্ধির ফলে সিলিন্ডারের দাম পৌঁছে যায় ৩,০৭১.৫০ টাকায়। পরে ১ জুন আরও ৪২ টাকা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর অবশেষে ১ জুলাই থেকে ১৮৩.৫০ টাকা দাম কমানোয় বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পেলেন।
কোথায় কত হল নতুন দাম? (LPG Cylinder Price)
সরকারের নতুন মূল্য সংশোধনের পর দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম কমেছে। নতুন তালিকা অনুযায়ী, নয়াদিল্লিতে সিলিন্ডারের দাম হয়েছে ২,৯৩০ টাকা। লখনউতে আগের ৩,২৩৬ টাকার পরিবর্তে এখন দাম ৩,০৫২.৫০ টাকা। কলকাতায় ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে নতুন দাম হয়েছে ৩,০৮১.৫০ টাকা। অন্যদিকে, পটনাতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছে। এই মূল্যহ্রাসের ফলে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন।
