স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস নিয়ে আসতে চলেছে OnePlus। আগামী ৩০ জুন ভারতে লঞ্চ হবে কোম্পানির নতুন OnePlus N6। মিড-রেঞ্জ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই স্মার্টফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, মসৃণ পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একাধিক আকর্ষণীয় ফিচার থাকছে। লঞ্চের আগেই OnePlus ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। বিশেষ করে এর বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং আধুনিক ডিজাইন ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।
8000mAh এর বিশাল ব্যাটারি
OnePlus N6-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ৮,০০০mAh ব্যাটারি। কোম্পানির দাবি, এই বড় ব্যাটারির ফলে একবার চার্জেই দীর্ঘ সময় ভিডিও দেখা, গেম খেলা বা কনটেন্ট তৈরি করার মতো কাজ সহজেই করা যাবে। শুধু তাই নয়, ফোনটিতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে, ফলে বিশাল ব্যাটারি হলেও তুলনামূলক কম সময়েই চার্জ সম্পূর্ণ করা সম্ভব হবে। পাশাপাশি ব্যাটারির দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা বজায় রাখতে বিশেষ প্রযুক্তিও ব্যবহার করেছে OnePlus, যাতে দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির পারফরম্যান্স ভালো থাকে।
পারফরম্যান্সের দিক থেকেও OnePlus N6-এ বিশেষ গুরুত্ব দিয়েছে কোম্পানি। ফোনটিতে রয়েছে ৫,৩০০ বর্গমিমি সুপার ভ্যাপার কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহার করার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ফলে অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কমবে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও ফোনের পারফরম্যান্স স্থিতিশীল থাকবে। তাই গেমিং কিংবা মাল্টিটাস্কিংয়ের জন্য এই স্মার্টফোনটি ভালো বিকল্প হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ফটোগ্রাফি প্রেমিদের জন্য OnePlus N6 ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা। এমনকি এই ক্যামেরার বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে 60fps ভিডিও রেকর্ডিং, AI ক্যামেরা ফিচার, Dual-View Video যার মাধ্যমে একই সময়ে ফোনের সামনে এবং পিছনের ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ডিং করা যাবে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফিচার বিশেষভাবে উপযোগী হতে চলেছে।
সফটওয়্যারের দিক থেকে OnePlus N6-এ থাকবে নতুন OxygenOS 16, যা ব্যবহারকারীদের আরও স্মুথ ও দ্রুত অভিজ্ঞতা দেওয়ার জন্য একাধিক নতুন ফিচার এবং অপ্টিমাইজেশন নিয়ে আসবে। তবে এখনও পর্যন্ত কোম্পানি ফোনটির প্রসেসর, RAM, স্টোরেজ কিংবা দাম সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তাই এই সমস্ত তথ্য জানতে অপেক্ষা করতে হবে ৩০ জুন পর্যন্ত। সেদিনই OnePlus আনুষ্ঠানিকভাবে ফোনটি লঞ্চ করবে এবং এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম প্রকাশ করবে।
