JKNews24 Disk: রাজ্য সরকারের নতুন বেকার ভাতা প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi) নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা Sukanta Majumdar সরাসরি এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি দাবি করেছেন, আর্থিক সংকটে থাকা রাজ্য সরকারের পক্ষে এই প্রকল্প চালানো সম্ভব নয় এবং এটি কার্যকর হবে কিনা তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।
সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্য
Sukanta Majumdar এদিন স্পষ্টভাবে জানিয়েছেন যে, যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্প ফ্লপ করবে এবং রাজ্য সরকার একটুও অর্থ দিতে পারবে না। তাঁর মতে, বাজেট নেই, অর্থের অভাব রয়েছে। তবে বিজেপি এই প্রকল্প বন্ধ করার পরিবর্তে চালু রাখবে এবং তিনি আরও দাবি করেছেন, যুবকদের জন্য আর্থিক সহায়তার পরিকল্পনা বিজেপি বহু আগে থেকেই ভেবেছিল, যা বর্তমানে রাজ্য সরকার নকল করে বাস্তবায়নের চেষ্টা করছে।
এছাড়াও, তিনি অভিযোগ করেছেন যে রাজ্যের শাসক দল ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট জিততে চাইছে, যা বিজেপি তাদের রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করবে না। এই প্রসঙ্গে Sukanta Majumdar সরাসরি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে নিশানা করেছেন।
রাজ্য সরকারের মানবিক প্রকল্প যুবসাথী
প্রসঙ্গত, রাজ্য সরকারের এবারের বাজেটে যুবসাথী (Banglar Yuva Sathi) প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে মাধ্যমিক পাশ করা বেকার যুবক-যুবতীরা মাসিক ১৫০০ টাকা ভাতা পাবেন। তবে এর জন্য প্রার্থীকে অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং সর্বোচ্চ পাঁচ বছর এই ভাতা পাওয়া যাবে, অর্থাৎ পাঁচ বছরে মোট ৯০,০০০ টাকা। প্রকল্পটি ১৫ আগস্ট থেকে চালু হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর ঘোষণা অনুযায়ী এটি ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে।
সরকার স্পষ্ট করেছে, আবেদনকারীর আর্থিক ও কর্মসংস্থানের অবস্থা যাচাই করেই ভাতা দেওয়া হবে। প্রভিডেন্ট ফান্ড সুবিধা বা ইএসআই সুবিধা থাকলে প্রার্থী এই ভাতার জন্য অযোগ্য। অন্য সরকারি ভাতা নিলে বা সুবিধা নিলে এই প্রকল্পের টাকা মিলবে না। তবে সরকারি স্কলারশিপ থাকলে ভাতা পাওয়া যাবে। এছাড়াও, পাঁচ বছরের মধ্যে যদি চাকরি পান, তা সরকারকে জানানো বাধ্যতামূলক।
সরকারি সূত্র মারফৎ খবর, প্রথম দু’দিনে এই প্রকল্পে ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। আর প্রায় সমস্ত জেলাতেই শিবিরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এমনকি এই প্রকল্প নিয়ে যুবসমাজের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু ভোটের আগে বিরোধীরা এই প্রকল্পকে নিয়ে জলঘোলা করতে ছাড়ছে না।









