মহাকাশে একেবারে চমক দেখাল ভারত। শত্রুপক্ষের স্যাটেলাইটের বাড়বাড়ন্ত ঠেকাতে এবার বড় পদক্ষেপ নিল India Space Surveillance। তবে এই সাফল্যের নেপথ্যে ISRO নয়, বরং আহমেদাবাদের একটি বেসরকারি সংস্থা। তাদের হাত ধরেই বাইরের কক্ষপথে থাকা শত্রুর স্যাটেলাইটে নজরদারি করার আধুনিক কৌশল রপ্ত করেছে ভারত। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে শত্রু স্যাটেলাইটের অবস্থান, গতিবিধি ও কার্যকলাপ আগাম জানতে পারবেন ভারতীয় আধিকারিকরা। ইতিমধ্যেই এই ব্যবস্থার সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
শত্রুর স্যাটেলাইটের গতিবিধিতে নজর রাখবে ভারত
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহমেদাবাদের আজিস্তা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তাদের তৈরি নতুন স্যাটেলাইট AFR ব্যবহার করে সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একাধিক স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছে। কোনও নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে অন্য স্যাটেলাইটের উপর নজরদারি চালানো বা ছবি তোলার এই আধুনিক কৌশলকে মহাকাশ বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ইন-অরবিট স্নুপিং’। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পুরো প্রযুক্তিটিই সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি, কোনও বিদেশি সহায়তা ছাড়াই। বেসরকারি উদ্যোগে ভারতে এই ধরনের ক্ষমতা অর্জন এই প্রথম, যা দেশের মহাকাশ নজরদারি ব্যবস্থায় এক নতুন অধ্যায় যোগ করল।
রিপোর্ট অনুযায়ী, আহমেদাবাদের ওই বেসরকারি সংস্থার স্যাটেলাইটটি মূলত মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের কাজেই ব্যবহৃত হয় এবং এর ওজন মাত্র ৮০ কিলোগ্রাম। জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ছবি তোলে এই স্যাটেলাইটটি, এরপর পরের ধাপে দূরত্ব কমিয়ে ২৪৫ কিলোমিটার থেকে আরও স্পষ্ট ছবি তোলা হয়। সংস্থার গবেষকদের দাবি, প্রতিটি ধাপেই এই পরীক্ষা সফল হয়েছে। সব মিলিয়ে এই সাফল্য ভারতের মহাকাশ নজরদারি ক্ষমতাকে অনেকটাই শক্তিশালী করল বলে মনে করা হচ্ছে।