মধ্যপ্রদেশে মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক কলেজ ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে দুই যুবক গণধর্ষণ করেছে। শুধু তাই নয়, নির্যাতিতার সঙ্গে থাকা তাঁর বন্ধুকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নির্যাতিতা তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বেরছার জঙ্গল এলাকার একটি মন্দিরে গিয়েছিলেন। ফেরার পথে অন্ধকার নেমে আসায় এলাকা প্রায় জনমানবশূন্য হয়ে পড়ে। অভিযোগ, সেই সময়ই তাঁদের উপর হামলা চালায় দুই যুবক। প্রথমে তরুণীর বন্ধুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। যার জেরে তিনি রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন। এরপর তরুণীকে জোর করে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটানোর পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এরপর কোনওমতে আহত অবস্থায় ওই যুবক পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দু’জনকেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত পরিচয়ের দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই নৃশংস ঘটনাকে ঘিরে আবারও বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
