আবহাওয়া দফতরের আশঙ্কা সত্যি করে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তার সঙ্গেই বাংলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনাও জোরদার হয়েছে (Weather Today)। হাওয়া অফিস জানিয়েছে, গাল্ফ অফ থাইল্যান্ড ও আশপাশের এলাকায় তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ২২ নভেম্বর শনিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ২৩ থেকে ২৪ নভেম্বরের মধ্যে সিস্টেমটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর–উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে। এর প্রভাবে নভেম্বরের শেষ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি দেখা যেতে পারে। তবে আজ শুক্রবার ঠিক কেমন থাকবে বাংলার আবহাওয়া, তা জানতে নজর রাখুন আজকের বিস্তারিত আপডেটে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)
প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) নিয়ে কথা বলা যাক। যদিও এখনও জাঁকিয়ে শীত নামেনি, তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হাওড়া জেলায় এখনই বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এসব জায়গায় ভোর ও সকালবেলার তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, ফলে বাতাসে একটা মিষ্টি শীতের আমেজ ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)
এবার উত্তরবঙ্গের আবহাওয়ার কথায় আসা যাক। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা গরমের ভাব থাকলেও উত্তরে জমে থাকা শীত কিন্তু এখনই নিজের দাপট দেখাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় পারদ ৭ থেকে ১৫ ডিগ্রির মধ্যে নেমে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে পাহাড় থেকে তরাই—সব জায়গাতেই সকালের ঠান্ডা বেশ আঁচ পাওয়া যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
বাংলায় শীতের গতি একটু ধীরে হলেও দেশের অন্য বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই শীত জোর কদমে বাড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা এবং মহারাষ্ট্র—এই রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে IMD। অর্থাৎ দেশের বিস্তীর্ণ অঞ্চলে শীত ধীরে ধীরে জমে উঠছে।
কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Today)
এদিকে এই শীতের মাঝেই আবার কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি। আজ ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দোসর হবে বজ্রপাত এবং তীব্র হাওয়া। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় কোথায় বৃষ্টি হবে? তাহলে জানিয়ে রাখি, অসময়ের ভারী বৃষ্টিতে ভাসতে পারে কেরালা, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ুতে। এছাড়াও বৃষ্টি হতে পারে মাহে, আন্দামান-নিকোবর, ইয়ানম এবং রায়লসীমাতে।
