JKNews24 ডেস্ক: মার্চের শুরুতেই ধীরে ধীরে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। সকাল থেকেই তীব্র রোদে কার্যত নাভিশ্বাস উঠছে মানুষের, যেন চড়া রোদে গা পুড়ে যাচ্ছে (Weather Tomorrow)। তবে এর মাঝেই মনে পড়ছে গত সপ্তাহের হালকা বৃষ্টির কথা, যখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই কিছুটা স্বস্তির বৃষ্টি পেয়েছিল। আবহাওয়া দফতরের ইঙ্গিত, এবার আবারও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে গরমের মাঝে আবারও কিছুটা স্বস্তি মিলতে পারে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগত উইকেন্ড থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশেও সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে জম্মু–কাশ্মীর সংলগ্ন এলাকায় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং আজ উত্তর-পশ্চিম ভারতে ঢুকেছে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা। ফলে এই সবকিছুর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যার জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই পরিষ্কার আকাশ দেখা যাবে এবং বেলা বাড়তেই রোদের দাপট ধীরে ধীরে বাড়বে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামীকাল বিকেল থেকে আবহাওয়া পরিবর্তন হবে। এবং রবিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে, তবে সেক্ষেত্রে গরম কমবে না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এখন শীতের অনুভূতি প্রায় সম্পূর্ণ উধাও হয়ে গেলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখনও ভোর ও রাতের দিকে হালকা শীত টের পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে এবং কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও ভোরের দিকে কিছু জায়গায় হালকা কুয়াশা দেখা যেতে পারে, যার ফলে সকালে যাতায়াতে সামান্য প্রভাব পড়তে পারে।
