বীরভূমের মাড়গ্রামে আজ, মঙ্গলবার আম জনতা উন্নয়ন পার্টির নেতা Humayun Kabir-এর জনসভা ঘিরে দেখা গেল অপ্রত্যাশিত চিত্র। বিশাল মঞ্চ, নেতাদের উপস্থিতি এবং মূল বক্তা হিসেবে তাঁর নাম থাকলেও মাঠে সাধারণ মানুষের ভিড় একেবারেই ছিল না বলে জানা গেছে। অভিযোগ, সভাস্থল কার্যত ফাঁকা পড়ে থাকে, মঞ্চের সামনে কিছু কচিকাঁচাকে শুধু হইহল্লা করতে দেখা যায়। শেষ পর্যন্ত জনসভায় না গিয়ে তিনি একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা—ভোটের আগে কি মানুষের সমর্থন হারাচ্ছেন হুমায়ুন? নাকি ভাইরাল ভিডিওর প্রভাবেই জনসমর্থনে ভাটা পড়েছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
রাজ্যে ১৮২টি আসনে ভোটে লড়ার ঘোষণা করেছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত জানা যায় আম জনতা উন্নয়ন পার্টি ১৫০টিরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই প্রচারের অংশ হিসেবে হেলিকপ্টারে ঘুরে ঘুরে প্রচার চালালেও বীরভূমের মাড়গ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। অভিযোগ, শুধু হেলিকপ্টার দেখতে ভিড় জমালেও জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল না বললেই চলে। মাড়গ্রাম হাই মাদ্রাসা মাঠে স্থানীয় নেতারা উপস্থিত থাকলেও সভাস্থল কার্যত ফাঁকা থাকায় শেষ পর্যন্ত সভা করা সম্ভব হয়নি। পরিস্থিতি দেখে Humayun Kabir আর সভাস্থলে না গিয়ে রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে চলে যান এবং সেখানেই সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনা ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
বীরভূমের মাটিতে তাঁর ব্যাপক জনসমর্থন রয়েছে বলে দাবি করলেও Humayun Kabir-এর জনসভায় সাধারণ মানুষের অনুপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জনতা উন্নয়ন পার্টির স্থানীয় নেতাদের অভিযোগ, সভাস্থলে আসার পথে সমর্থকদের বাস চার–পাঁচ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছে, যার ফলে অনেকেই সভায় পৌঁছাতে পারেননি। এই ঘটনার জন্য তাঁরা সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন এবং দাবি করেছেন যে ভয়ের রাজনীতির কারণেই মানুষ সভায় আসতে পারেনি। হুমায়ুন কবীরও একই অভিযোগ করে বলেছেন, বীরভূম জেলায় বিরোধীদের ভয় দেখানো হয় এবং সেই কারণেই জনসমাগম হয়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, হেলিকপ্টার নামার জন্য প্রয়োজনীয় হেলিপ্যাড তৈরির অনুমতিও প্রশাসন দেয়নি। তিনি আরও দাবি করেছেন, আগামী ৪ তারিখের পর রাজ্যে তৃণমূল সরকার থাকবে না। এই সব মন্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
