রাজনীতিতে তারকাদের আসা-যাওয়া নতুন নয়, তবে মাঠে নেমে প্রচারের বাস্তবতা যে আলাদা—তারই একটা ছবি দেখা গেল শনিবার দুর্গাপুরে। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে বেরিয়েছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। কিন্তু তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থায় পড়েন তিনি। রোদের তাপ এতটাই চড়া ছিল যে শেষ পর্যন্ত রোড শো মাঝপথেই ছেড়ে এয়ারকন্ডিশন্ড গাড়িতে উঠে যেতে বাধ্য হন। ফলে পুরো কর্মসূচিই ভেস্তে যায় এবং বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হতাশার সুর শোনা যায়। দুর্গাপুরে পদ্ম শিবিরের সেই দিনের প্রচার তাই কার্যত মিইয়ে যায় বলেই মনে করা হচ্ছে।
আগামী ২৩ তারিখ প্রথম দফার ভোটকে সামনে রেখে দুর্গাপুরে প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে। শনিবার দুপুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী Laxman Ghorui-এর সমর্থনে কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে রোড শো শুরু করেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। প্রার্থীকে সঙ্গে নিয়ে ট্রাকের উপর দাঁড়িয়ে তিনি জনসংযোগ করছিলেন। সঙ্গে ছিলেন বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। শুরু থেকেই রাস্তাজুড়ে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো—প্রিয় তারকাকে একঝলক দেখতে এবং তাঁর বক্তব্য শোনার আশায় রাস্তার দু’ধারে উপচে পড়েছিল সাধারণ মানুষের উপস্থিতি।
তবে রোড শো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাল কাটে গোটা কর্মসূচিতে। মাত্র প্রায় ২০০ মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় Mithun Chakraborty-কে। পরিস্থিতি সামাল দিতে প্রার্থী Laxman Ghorui তাঁর মাথার উপর ছাতা ধরেন। কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। শেষ পর্যন্ত ‘ফাটাকেষ্ট’ ট্রাক থেকে নেমে নিজের এসি গাড়িতে উঠে যান। ফলে রোড শো আর এগোয়নি। পরে তিনি গাড়ির ভিতর বসেই বাকি রাস্তা অতিক্রম করেন। এই ঘটনায় হতাশ হয়ে পড়েন বহু বিজেপি কর্মী-সমর্থক। যাঁরা দূরদূরান্ত থেকে প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় এসেছিলেন। দলীয় সূত্রের দাবি, অতিরিক্ত গরমের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শারীরিক ঝুঁকি এড়াতেই রোড শো থেকে সরে দাঁড়ান মিঠুন চক্রবর্তী।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
