নতুন বছরের প্রথমদিনেই বীরভূমের নলহাটিতে (Nalhati) ঘটল এক ভয়াবহ ঘটনা। মাঠ থেকে উদ্ধার হয়েছে এক মাছ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম মুকুল শেখ (৪২)। তিনি বীরভূমের নলহাটি থানার পাখাগ্রামের বাসিন্দা ছিলেন এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা এলাকার একটি মাঠে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন, এরপরই খবর দেওয়া হয় নলহাটি থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে শনাক্ত করে যে সেটি মুকুল শেখের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই নৃশংস খুনের পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের সঙ্গে কারও কোনো শত্রুতা বা আগের কোনো অশান্তির সম্পর্ক ছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
