রাত পোহালেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হতে চলেছে, আর তার আগেই বাংলার আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রথম দফা তুলনামূলক শান্তভাবে কাটলেও দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি, কালবৈশাখী ও দমকা হাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বাংলার আকাশ মেঘে ঢেকে গেছে এবং চারদিকে ভ্যাপসা গরম। তবে আবহাওয়াবিদদের মতে, খুব শিগগিরই ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়াও বয়ে গেছে। আজও আবহাওয়ার সেই একই রকম পরিস্থিতির ইঙ্গিত মিলছে। আবহাওয়াবিদদের মতে, দুপুর বা বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। জেলায় জেলায় ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই হাওড়া জেলায় কয়েক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগ বাড়িয়েছে।
হাঁসফাঁস করা গরম থেকে বেশ অনেকটাই মুক্তি মিলেছে। আগামী দিনে আরও স্বস্তি ফিরবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। এদিন জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি অবধি হতে পারে বলে খবর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতায় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আসলে হাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর-পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ মিটার উচ্চতায় তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে।
উত্তরবঙ্গে শীতের আমেজ, তাপমাত্রা কমল
এদিকে একটানা দুর্যোগের জেরে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই শান্ত হয়ে এসেছে। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই যেন হালকা শীতের আমেজ ফিরে এসেছে, কারণ তাপমাত্রাও বেশ কিছুটা কমে গেছে। তবে আপাতত বৃষ্টির বিরতি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ মঙ্গলবারও দুপুর বা বিকেলের পর দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে সেখানে আবারও আবহাওয়া বদলের ইঙ্গিত মিলছে।
