Weather Update | বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

-

নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বেড়েছে। সেই সঙ্গে উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও। বঙ্গোপসাগরে অবস্থানকারী শক্তিশালী নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও আরও কয়েক দফা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে (Weather Update)।

বিকেলে ধেয়ে আসছে বৃষ্টি (Weather Update)

আবহাওয়া দফতরের (IMD) এক কর্মকর্তার মতে, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে এগোনোর আগে বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় আগামী ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

- Advertisement -

এদিকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনকে আগাম প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে, নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলির ওপর বিশেষ নজরদারি চলছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল, বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। জল জমা, গাছ পড়ে যাওয়া বা ভারী বৃষ্টিজনিত অন্য কোনও সমস্যার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। ভারী বৃষ্টি না হলেও এদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুর ও কোচবিহার জেলায়।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News