তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বিতর্কিত মন্তব্য করে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘন করেছেন। অভিযোগ অনুযায়ী, নন্দীগ্রামে একটি রোড শো চলাকালীন তিনি এমন কিছু মন্তব্য করেন যা সংখ্যালঘু সম্প্রদায়কে অপমান করেছে বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘বদলা নেওয়া’র ইঙ্গিত দেওয়ার অভিযোগও উঠেছে।
তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে মোট ৩টি চিঠি পাঠিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, নন্দীগ্রামে একটি র্যালি চলাকালীন তাঁকে বলতে শোনা যায়—“পাশে মোল্লা আছে, সাবধান।” অভিযোগ অনুযায়ী, এই ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হিসেবে ব্যবহৃত হয়েছে। তৃণমূলের দাবি, নন্দীগ্রামের মুসলিম পরিযায়ী শ্রমিকদের উদ্দেশেও হুমকিমূলক মন্তব্য করা হয়েছে এবং একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি) তাঁকে বলতে শোনা যায়—“নন্দীগ্রামের মুসলমান পরিযায়ী শ্রমিকদের ব্যবহার ঠিক করতে হবে, না হলে ৪ মে’র পর দেখে নেব।” পাশাপাশি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ও “নাকে লঙ্কার গুঁড়ো ঘষে দেওয়ার” মতো মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ।
“পাশে মোল্লা..” মন্তব্য করে শুভেন্দু আদর্শ নির্বাচনী আচরণবিধির ৪.৩.১ ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(৩এ) ধারাকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ডেরেক ও’ব্রায়েন। এই কারণের পাশাপাশি বদলা নেওয়ার হুঁশিয়ারি ও পরিযায়ী শ্রমিকদের হুমকি দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি আদর্শ আচরণবিধি ভঙ্গের কারণে তাঁকে শোকজ করার আর্জি জানিয়েছে তৃণমূল। পরবর্তী সময়ে তিনি যেন এরমক কোনও মন্তব্য না করেন তার জন্য কমিশনকে পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
