কুসুম দাস, কলকাতাঃ ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ছোট থেকে বড়, কমবেশি সবাই এই ধরনের খাবার খেতে পছন্দ করেন। তবে স্বাদে ভালো লাগলেও নিয়মিত জাঙ্ক ফুড খাওয়া শরীরের জন্য কতটা উপকারী, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অতিরিক্ত তেল, নুন, চিনি ও ক্যালোরি থাকা এই ধরনের খাবার নিয়মিত খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাহলে জাঙ্ক ফুড বেশি খেলে শরীরের ওপর ঠিক কী ধরনের প্রভাব পড়ে? চলুন, জেনে নেওয়া যাক।
জাংক ফুড স্মৃতিশক্তি কমিয়ে দেয়?
ডক্টর ডব্লু টেলার কিম্বার্লির নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি ‘নিউরোলজি’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীরে একাধিক নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর আগের গবেষণাগুলোতেও জাঙ্ক ফুডের সঙ্গে স্থূলতা, হৃদ্রোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার যোগসূত্র পাওয়া গিয়েছিল। তবে এবার স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনার সঙ্গেও অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার সম্পর্কের কথা উঠে এসেছে।
ডক্টর কিম্বার্লি জানান, তাঁদের গবেষণায় দেখা গেছে, যে খাবারে প্রক্রিয়াজাতকরণের মাত্রা বেশি, তা মস্তিষ্কের স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে কোন নির্দিষ্ট খাবার বা প্রক্রিয়াজাত উপাদান মস্তিষ্কের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। একইসঙ্গে বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের গুরুত্বও এই গবেষণায় স্পষ্ট হয়েছে।
প্রক্রিয়াজাত খাবার কী?
যেসব খাবার তৈরির সময় স্বাদ ও টেক্সচার বাড়ানোর জন্য মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া করা হয়, সেগুলোকে বলা হয় অতিপ্রক্রিয়াজাত খাবার। এই প্রক্রিয়ার ফলে খাবারের প্রাকৃতিক ফাইবার, প্রোটিন এবং খনিজ উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়। সাধারণত আলুর চিপস, সোডা, এনার্জি ড্রিংক, চিকেন নাগেটস, ইনস্ট্যান্ট স্যুপ মিক্স, কেচাপসহ আরও অনেক জনপ্রিয় খাবার এই তালিকায় পড়ে।
